ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খুব খারাপ একটা সময়ের মধ্যে রয়েছে পাকিস্তানের ক্রিকেট। ম্যাচ পাতানোর অভিযোগের পাশাপাশি টানা হার খেলোয়াড়দের মনোবল প্রায় ভেঙ্গে দিয়েছে। এই অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর জন্য একটা জয় খুব দরকার বলে মনে করছেন একদিনের ক্রিকেট দলের অধিনায়ক শহিদ আফ্রিদি।
ইংল্যান্ডের কাছে দুই ম্যাচের টি-২০ সিরিজে 'হোয়াইটওয়াশ' হওয়ার পর পাকিস্তান এখন স্বাগতিকদের বিপক্ষে পাঁচটি একদিনের ম্যাচ খেলবে। সিরিজে তাদের কঠিন পরীক্ষা দিতে হবে বলে মনে করছেন আফ্রিদি। বলেছেন, ''বলতে দ্বিধা নেই তিন ক্রিকেটারের বিপক্ষে ম্যাচ পাতানোর অভিযোগ গোটা দলের ওপর নেতিবাচক প্রতিক্রিয়া ফেলেছে। এ অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য আমাদের একটা জয় পেতেই হবে।''
পাকিস্তান অধিনায়ক বলেন, একদিনের সিরিজের আগে তিনি ও কোচ ওয়াকার ইউনুস খেলোয়াড়দের সঙ্গে এ ব্যাপারে খোলাখুলি আলোচনা করবেন। সালমান বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমির না থাকায় একদিনের খেলার কৌশলে পরিবর্তন আনতে হয়েছে বলেও জানান আফ্রিদি।
তবে তিনি বলেন, তারা পেশাদার ক্রিকেটার। যে কোনো অবস্থা থেকে বেরিয়ে আসার সামর্থ্য তাদের আছে। এ কারণেই একদিনের সিরিজে ঘুরে দাঁড়ানোর আশা করছেন তিনি।
পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যে প্রথম একদিনের খেলা হবে শুক্রবার (১০ সেপ্টেম্বর), চেস্টার লি স্ট্রিটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/১৯৩০ ঘ.
bdnews24