২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবারো হার পাকিস্তানের

ইংল্যান্ডের কাছে টি-২০ ম্যাচে আবারো হেরেছে পাকিস্তান। এবার ৬ উইকেটে, ৩৬ বল বাকি থাকতেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2010, 10:31 AM

Updated : 25 Aug 2022, 06:36 PM

ঢাকা, সেপ্টেম্বর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ডের কাছে টি-২০ ম্যাচে আবারো হেরেছে পাকিস্তান। এবার ৬ উইকেটে, ৩৬ বল বাকি থাকতেই। প্রথমে ব্যাট করে ১৮ ওভার ৪ বলে মাত্র ৮৯ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। আর ১৪ ওভারেই ইংল্যান্ড জয়ের লক্ষ্য ৯০ এ পৌঁছে যায়, চার উইকেটে। কার্ডিফের সোফিয়া গার্ডেনসে রান তাড়া করতে নেমে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড। দলের পক্ষে সবচেয়ে বেশি ২১ রান করেন অধিনায়ক পল কলিংউড। এছাড়া ক্রেগ কিসওয়েটার ১৬ ও রবি বোপারা ১২ রান করেন। ১৮ রানে অপরাজিত ছিলেন ইয়ন মর্গান। পাকিস্তানি বোলারদের মধ্যে একটি করে উইকেট নেন শোয়েব আখতার, সাঈদ আজমল ও অধিনায়ক শহিদ আফ্রিদি। এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমেই বিপদে পড়ে পাকিস্তান। মাত্র ২২ রানের মধ্যে চার উইকেট হারালে দলের রান ৫০ পেরুবে কি না, তা নিয়ে সংশয় দেখা দেয়। কিন্তু উমর আকমল ও মোহাম্মদ হাফিজ জুটি বেঁধে দলের সঙ্গে ২২ রান যোগ করলে সে আশঙ্কা দূর হয়। দলের পক্ষে সবচেয়ে বেশি ১৭ রান করেন উমর। এছাড়া হাফিজ ১৪, উমর গুল ১৬ ও ১১ রান করেন দু'জন, কামরান আকমল ও আব্দুল রাজ্জাক। ইংল্যান্ডের বোলারদের মধ্যে ১০ রানে তিন উইকেট নেন টিম ব্রেসন্যান। এছাড়া দু'টি করে উইকেট নেন রায়ান সাইডবটম, স্টুয়ার্ট ব্রড ও গ্রায়েম সোয়ান। এই জয়ের ফলে দুই ম্যাচের টি-২০ সিরিজ ইংল্যান্ড ২-০ তে জিতে নিল। পাঁচ ম্যাচের একদিনের সিরিজের প্রথমটি হবে ১০ সেপ্টেম্বর, টেস্টার লি স্ট্রিটে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৬১৯ ঘ.