ঢাকা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্ষমা চেয়েও শাস্তির হাত থেকে রক্ষা পেলেন না কেভিন পিটারসেন। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বেফাঁস মন্তব্যের জন্য জরিমানা গুণতেই হলো তাকে।
ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এই জরিমানা করলেও এর অঙ্ক প্রকাশ করেনি। এক বিবৃতিতে বোর্ড জানায়, ''কেভিন (পিটারসেন) ইসিবির চুক্তিবদ্ধ ক্রিকেটার। কিন্তু ওই মন্তব্য করে চুক্তির বিধিমালা ভেঙ্গেছেন তিনি। তাই তার জরিমানা করা হয়েছে।''
গত সপ্তাহে পাকিস্তানের বিপক্ষে একদিনের ক্রিকেট সিরিজের জন্য ঘোষিত ইংল্যান্ড দলে নিজের নাম না দেখে মাথা ঠিক রাখতে পারেননি পিটারসেন। তিনি তার টুইটার অ্যাকাউন্টে এ ব্যাপারে একটি ব্লগ লেখেন। তাতে নির্বাচকদের সিদ্ধান্তে তিনি যে বিরক্ত তা স্পষ্ট হয়ে ওঠে।
যদিও মিনিট খানেক পরেই তা মুছে ফেলে ছিলেন পিটারসেন।
কিন্তু তার আগেই ব্রিটিশ সংবাদমাধ্যমের নজরে পড়ে যায় তা। পরে ইসিবি কারণদর্শানোর নোটিশ পাঠায় পিটারসেনকে। শৃঙ্খলা রক্ষা কমিটির সামনেও হাজির হতে হয় তাকে। সেখানে ক্ষমা চান তিনি।
টুইটারে ব্লগ লিখে শাস্তি পাওয়া ইংল্যান্ডের একমাত্র ক্রিকেটার কিন্তু পিটারসেন নন। শাস্তি পেয়েছেন দিমিত্রি মাসকারেনহাসও। নির্বাচক জিওফ মিলারের সমালোচনা করে ব্লগ লেখায় তার কাউন্টি ক্লাব হ্যাম্পশায়ার এক হাজার পাউন্ড জরিমানা করেছিল তার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/১৬০২ ঘ.
bdnews24