ঢাকা, সেপ্টেম্বর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বয়স মাত্র ১৮, তাই হয়তো 'স্পট ফিক্সিং'য়ের অভিযোগ ওঠার পরও মোহাম্মদ আমিরের পাশে দাঁড়াচ্ছেন অনেকেই। লঘু শাস্তি দেয়ার কথাও বলছেন কেউ কেউ। কঠোর শাস্তির কথাও বলছেন আবার অনেকে।
কিন্তু পাকিস্তান ক্রিকেট দলের সহযোগী ব্যবস্থাপক শাফকাত রানা সাফ জানিয়ে দেন, ''অপরাধী হলে শাস্তি তাকে পেতেই হবে। বয়স কম কিংবা বেশি তা আমরা বিবেচনাই করবো না।''
এদিকে তদন্ত প্রতিবেদনের জন্য অপেক্ষা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেটা হাতে পেলেই লর্ডস টেস্টে 'স্পষ্ট ফিক্সিং'য়ের অভিযোগে অভিযুক্ত সালমান বাট, মোহাম্মদ আসিফ এবং আমিরের ব্যাপারে সিদ্ধান্ত নেবে বোর্ড।
শাফকাত রানা বলেন, ''ক্রিকেটকে সঠিক পথে এগিয়ে নেয়ার স্বার্থে ভক্তরা শাস্তির কঠিন সিদ্ধান্ত অবশ্যই মেনে নেবে। আইন সবার জন্যই সমান।''
যদিও এর আগে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রধান নির্বাহী হারুন লরগাত বলেছিলেন অন্য কথা। বয়সের দিকে তাকিয়ে শাস্তি শিথিলের ইঙ্গিত দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ''শাস্তি দেয়ার আগে অপরাধীর বয়সের কথাটাও চিন্তা করা উচিত বলে আমি মনে করি।''
বয়স কম বলেই বিভ্রান্ত হয়ে এমন কাজ করতে পারেন আমির। তাই বলে শাস্তির মাত্রা লঘু করা ঠিক হবে না বলে মনে করেন ইংল্যান্ডের ক্রিকেটার স্টুয়ার্ট ব্রড। শাফকাত রানার মতো তিনিও মনে করেন, অপরাধী হলে তার বয়স বিবেচনায় না নিয়ে তাকে শাস্তি দেয়া উচিত। কেননা, আইন সেই কথাই বলে।
এদিকে পাকিস্তানের একদিনের ক্রিকেট দলের অধিনায়ক শহিদ আফ্রিদিও বলছেন, দেশের ক্রিকেটের উজ্জ্বল ভবিষ্যতের স্বার্থেই এর সুষ্ঠু সমাধান প্রয়োজন।
লর্ডসে ম্যাচ পাতানোর দায়ে অভিযুক্ত তিন ক্রিকেটার বাট, আসিফ ও আমিরকে আইসিসি এরই মধ্যে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে। তদন্তে দোষী প্রমাণিত হলে চিরদিনের জন্য নিষিদ্ধ করা হতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/১৫৩৯ ঘ.
bdnews24