ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এবার শ্রীলঙ্কার একজন নামিদামি ক্রিকেটারকে নিয়ে তদন্ত করছে আইসিসি'র দুর্নীতি দমন ইউনিট। তবে তার নাম প্রকাশ করা হয়নি।
এই ক্রিকেটারকে ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত সন্দেহভাজন এক ব্যক্তির সঙ্গে দেখা গিয়েছিল। তখনকার শ্রীলঙ্কা দলের ব্যবস্থাপক বেন্ডন কুরুপ্পু বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) জানিয়েছিলেন।
এ ব্যাপারে আইসিসি অবশ্য কোনো মন্তব্য করেনি।
শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান (এসএলসি) ডিএস ডি সিলভা বলেন, এই অভিযোগ নিয়ে আলোচনার সময় এখনো হয়নি।
পরে পুলিশ এ ব্যাপারে তদন্ত শুরু করে। তবে কোনো ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেনি তারা।
শ্রীলঙ্কা ক্রিকেটের সেক্রেটারি নিশান্থা রানাতুঙ্গা বলেন, "পুলিশের তদন্ত এখনো চলছে।"
বর্তমানে পাকিস্তানের তিন ক্রিকেটার সালমান বাট, মোহাম্মদ আমির ও মোহাম্মদ আসিফের বিরুদ্ধে 'স্পট ফিক্সিংয়ের' অভিযোগ নিয়ে তদন্ত করছে আইসিসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/১৯২৭ ঘ.
bdnews24