ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দলের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদের কাজে সন্তুষ্ট ইংল্যান্ড ক্রিকেট দলের প্রধান কোচ অ্যান্ডি ফ্লাওয়ার। যদিও পাকিস্তান দলে খেলার সময় স্পিনার মুশতাকের বিরুদ্ধে বাজিকরদের সঙ্গে অবৈধ যোগাযোগের অভিযোগ উঠেছিল।
ফ্লাওয়ার বলেন,"আমি মুশতাকের বিষয়ে খুবই আত্মবিশ্বাসী। আমাদের দলের জন্য সে দক্ষ একজন কোচ। সে একজন চমৎকার মানুষ এবং সে আমাদের নিয়মের সঙ্গে মানিয়ে নিয়েছে। আমি তার (মুশতাক) উপর খুবই খুশি।"
অতীতে মুশতাককে স্পট-ফিক্সিংয়ের অভিযোগে নজরে রাখা হয়েছিল। বর্তমানে পাকিস্তান ক্রিকেট দলের তিন খেলোয়াড়কে স্পট-ফিক্সিংয়ের অভিযোগে নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
মুশতাক সম্পর্কে আইসিসি প্রধান হারুন লরগাত বলেছেন, "আমরা শুধু কাউকে তুলে ধরতে পারি। যাদের বিরুদ্ধে আগে অভিযোগ ছিল তাদের একটি তালিকা আমাদের কাছে আছে। সেখানে মুশতাকের নামও আছে। এটা আমরা ইংল্যান্ড এবং ওয়েল্স ক্রিকেট বোর্ডের উপর ছেড়ে দিব। তবে আমরা মুশতাকের বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি চুক্তির নিময়ানুযায়ী তাদের চলার জন্য পরামর্শ দিচ্ছি।"
২০০৮ সাল থেকে ইংল্যান্ড ক্রিকেট দলের সঙ্গে কাজ করছেন মুশতাক আহমেদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এটি/২০৪৪ ঘ.
bdnews24