২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রস্তুতি ম্যাচে নেই তিন ক্রিকেটার

সমারসেটের বিপক্ষে টনটনে পাকিস্তানের প্রস্তুতি ম্যাচে সালমান বাট, মোহাম্মদ আসিফ এবং মোহাম্মদ আমিরের যে খেলা হচ্ছে না সেটি এখন নিশ্চিত হয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2010, 12:13 PM

Updated : 25 Aug 2022, 06:33 PM

ঢাকা, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সমারসেটের বিপক্ষে টনটনে পাকিস্তানের প্রস্তুতি ম্যাচে সালমান বাট, মোহাম্মদ আসিফ এবং মোহাম্মদ আমিরের যে খেলা হচ্ছে না সেটি এখন নিশ্চিত হয়ে গেছে। বৃহস্পতিবার সমারসেটের বিপক্ষে খেলতে নামছে শহিদ আফ্রিদির দল। বুধবার লন্ডনে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ইজাজ বাট, দলের ম্যানেজার ইয়াওয়ার সাঈদ এবং ইংল্যান্ডে দেশটির হাইকমিশনার ওয়াজিদ শামসুল হাসানের সঙ্গে ওই তিন ক্রিকেটারের যে সাক্ষাৎ হওয়ার কথা ছিল তা একদিন পিছিয়ে গেছে। ওই বৈঠক অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার। পাকিস্তান দলের ম্যানেজার জানিয়েছেন ওই তিন ক্রিকেটারের সঙ্গে কথা বলার পর শুক্রবার তারা ফের দলের সঙ্গে যোগ দেবেন। ইংল্যান্ড সফরে পাকিস্তান তাদের প্রথম টি-টোয়েন্টি খেলবে ৬ সেপ্টেম্বর কার্ডিফে। পরের দিন একই মাঠে হবে দ্বিতীয় এবং শেষ টি-টোয়েন্টি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ওই তিন ক্রিকেটারের ব্যাপারে পিসিবিকে দ্রুত সিদ্ধান্ত নিতে অনুরোধ করেছে। আর তা টি-টোয়েন্টি সিরিজের আগেই। আইসিসির প্রধান নির্বাহী হারুন লরগাত বলেছেন দু-তিন দিনের মধ্যেই এ ঘটনার একটা উপসংহার টানা হবে। তাই দু'দলের টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজ যথারীতি হবে। ইংল্যান্ড ক্রিকেটাররাও অভিযুক্ত খেলোয়াড়দের ওই দুই সিরিজে দেখতে চান না। কারণ তাদেরও মত, তাহলে ম্যাচের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। এদিকে টেস্ট অধিনায়ক সালমান বাট এখনো নিজেকে ফিরে পাননি। দলে কারো সঙ্গে তেমন কথাও বলছেন না তিনি। টনটন ছাড়ার আগে থেকেছেন চুপচাপ। মোহাম্মদ আসিফের অবস্থা সবচেয়ে খারাপ। টনটনে নিজের হোটেল রুম থেকে বেরই হননি। ম্যাচ গড়াপেটার অভিযোগ ওঠার পর থেকেই সতীর্থদের থেকে নিজেকে প্রায় বিচ্ছিন্ন করে ফেলেছেন এই পেসার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এনআই/১৭০১ ঘ.