২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এখনই কাউকে নিষিদ্ধ করবে না পিসিবি

পাকিস্তানের কয়েকজন ক্রিকেটারের বিরুদ্ধে ম্যাচ পাতানোর অভিযোগ ওঠার পরও কোনো খেলোয়াড়কে এখনই নিষিদ্ধ করবে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2010, 10:33 AM

Updated : 25 Aug 2022, 06:33 PM

ঢাকা, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তানের কয়েকজন ক্রিকেটারের বিরুদ্ধে ম্যাচ পাতানোর অভিযোগ ওঠার পরও কোনো খেলোয়াড়কে এখনই নিষিদ্ধ করবে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের প্রধাণ ইজাজ বাট বলেন, ''যতক্ষণ না পুলিশ ঘটনা প্রমাণ করতে পারবে, ততক্ষণ পর্যন্ত অভিযুক্ত কোনো ক্রিকেটারকেই নিষিদ্ধ করা হবে না।'' তাই ইংল্যান্ডের বিপক্ষে ২০ ওভার এবং একদিনের সিরিজে খেলার সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি সালমান বাট, মোহাম্মদ আসিফ, মোহাম্মদ আমির এবং কামরান আকমলের। মূলত এই চারজনের বিরুদ্ধে ম্যাচ পাতানোর অভিযোগ উঠেছে। একদিনের দলের অধিনায়ক শহিদ আফ্রিদি ইংল্যান্ডে দলের সঙ্গে যোগ দিয়েছেন। পাকিস্তান দল এখন রয়েছে টনটনে। সেখানে বুধবার সমারসেটের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। অনেকেই যখন অভিযুক্তদের নিষিদ্ধ করার দাবি তুলছেন, তখন ইজাজ বাট বলেন ''স্কটল্যান্ড ইয়ার্ড একটি ট্যাবলয়েডে প্রকাশিত অভিযোগের ভিত্তিতে ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে। কিন্তু এখনো কিছুই প্রমাণ করতে পারেনি। কাজেই কোনো খেলোয়াড়কে আমরা এখনই শাস্তি দিতে পারি না। কারণ তাদের অপরাধ প্রমাণ হয়নি।" এদিকে নতুন সমস্যায় পড়তে যাচ্ছে পাকিস্তান। আইসিসির দুর্নীতি দমন কমিশন দেশটির শেষ ৮২টি খেলার ভিডিও ফুটেজ খুঁটিয়ে দেখবে। গত ২-৩ বছরের মধ্যে পাকিস্তান এই ম্যাচ খেলেছে। ব্রিটিশ পুলিশ এখনো তদন্ত শেষ করেনি। তাই কোনো ক্রিকেটারকেই গ্রেপ্তার করা হয়নি। তবে দু'তিন দিনের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হবে। আরেকটি প্রতিবেদন প্রকাশ করবে আইসিসির দুর্নীতি দমন কমিশন। এর পরই জানা যাবে, আসলে কি ঘটেছিল লর্ডস টেস্টে। এদিকে ইংল্যান্ড-পাকিস্তান ২০ ওভার এবং একদিনের সিরিজ চালিয়ে যাওয়া হবে বলেই জানিয়েছে আইসিসি। সংস্থাটি জানায়, দু'দেশই চাইছে সিরিজ শেষ হোক। তবে এমন কথাও শোনা যাচ্ছে অভিযুক্ত চার ক্রিকেটার বাট, আসিফ, আকমল এবং আমিরকে নাও খেলানো হতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/১৬৩১ ঘ.