ঢাকা, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তানি ক্রিকেটারদের ম্যাচ পাতানো নিয়ে সারা বিশ্বে এখন তোলপাড় চলছে। এর ফলে হুমকির মুখে পড়েছে ইংল্যান্ড সফরে একদিনের সিরিজ।
লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ ও শেষ টেস্টে পাকিস্তানের চার ক্রিকেটার 'স্পট ফিক্সিং'- এর সঙ্গে জড়িত ছিলেন বলে লন্ডনের ট্যাবলয়েড নিউজ অব দ্য ওয়ার্ল্ড অভিযোগ করেছে। গ্রেফতার করা হয়েছে দালাল মাজহার মাজিদকে। পরে অবশ্য জামিনে ছাড়া পেয়েছেন তিনি। তবে দরকার হলেই স্কটল্যান্ড ইয়ার্ডে হাজির হতে হবে।
পুলিশ পাকিস্তানের অধিনায়ক সালমান বাট, দুই পেসার মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমির এবং উইকেটরক্ষক-ব্যাটসম্যান কামরান আকমলসহ সাত ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদ করেছে। তবে কাউকে গ্রেফতার করেনি।
এই পরিস্থিতিতে টেস্ট সিরিজের পর ২০ ওভারের দুই ও পাঁচ ম্যাচের একদিনের সিরিজ বাতিলের জন্য দু'দেশের ওপর চাপ বাড়ছে। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড বলেছে, এ অবস্থায় একদিনের সিরিজের বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দেহ দেখা দিতে পারে।
বোর্ড মনে করে, দর্শকরা মুখ ফিরিয়ে নিতে পারে সিরিজ থেকে। সরে পড়তে পারে স্পন্সর এবং টিভি চ্যানেলগুলোও।
তবে চার অভিযুক্ত ক্রিকেটারকে বাদ দিলে সিরিজ চালিয়ে যাওয়া সম্ভব বলে মনে করে ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড। কিন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এ ব্যাপারে এখনো কিছু বলেনি।
ইংল্যান্ডের সাবেক কয়েকজন অধিনায়কও সফর বাতিলের পক্ষে। তারা মনে করছেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সিরিজ বিশ্বাসযোগ্যতা পাবে না। মাইকেল ভনের মতে, সিরিজ চালিয়ে যাওয়ার আর কোনো মানে হয় না।
২০ ওভারের খেলা দু'টি হওয়ার কথা ৫ ও ৭ সেপ্টেম্বর, কার্ডিফে। পাঁচ ম্যাচের একদিনের সিরিজের প্রথমটি হওয়ার কথা চেস্টার লি স্ট্রিটে, ১০ সেপ্টেম্বর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/১৮১১ ঘ.
bdnews24