২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'এ লজ্জা ক্রিকেটেরই'

লর্ডসে পাকিস্তানি ক্রিকেটারদের বিপক্ষে ম্যাচ পাতানোর অভিযোগ ওঠার পর ইংল্যান্ডের সাবেক ক্রিকেটাররা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। ম্যাচ পাতানোর অভিযোগ প্রমাণিত হলে সেই ক্রিকেটারকে আজীবনের জন্য নিষিদ্ধ করার পরামর্শ দিয়েছেন অ্যালান ল্যাম্ব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2010, 01:26 PM

Updated : 25 Aug 2022, 06:32 PM

ঢাকা, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লর্ডসে পাকিস্তানি ক্রিকেটারদের বিপক্ষে ম্যাচ পাতানোর অভিযোগ ওঠার পর ইংল্যান্ডের সাবেক ক্রিকেটাররা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। ম্যাচ পাতানোর অভিযোগ প্রমাণিত হলে সেই ক্রিকেটারকে আজীবনের জন্য নিষিদ্ধ করার পরামর্শ দিয়েছেন অ্যালান ল্যাম্ব। তিনি বলেন, ''পুলিশের তদন্তে যদি কারো বিরুদ্ধে ম্যাচ পাতানোর বিষয়টি প্রমাণিত হয়, তাহলে তাকে ছেড়ে দেয়া উচিত নয়। তাকে আজীবনের জন্য নিষিদ্ধ করা উচিত। কারণ ক্রিকেটকে তো এগিয়ে নিয়ে যেতে হবে। বাঁচিয়ে রাখতে খেলাটাকে।'' এই অভিযোগ ওঠায় লর্ডসে ট্রট এবং ব্রডের রেকর্ড অনেকখানি ম্লান হয়ে যাবে বলে মনে করছেন ল্যাম্ব। বলেছেন, ঘটনাটি শোনার পরই তার মন খারাপ হয়ে গেছে। ইংল্যান্ডের প্রথম পালায় অষ্টম উইকেটে ৩৩২ রানের জুটি গড়ে বিশ্বরেকর্ড করেন ট্রট ও ব্রড। অষ্টম উইকেট জুটিতে তারা ভেঙে দেন পাকিস্তানের ওয়াসিম আকরাম এবং সাকলাইন মুশতাকের রেকর্ড। ১৯৯৬ সালে শেখুপুরায় জিম্বাবুয়ের বিপক্ষে আকরাম এবং সাকলাইন অষ্টম উইকেট জুটিতে ৩১৩ রান করেছিলেন। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিচি বেনো বলেন, "ক্রিকেটে এখন অনেক অর্থের লেনদেন হচ্ছে। আর তারই ফাঁদে পড়ছেন ক্রিকেটাররা। অর্থ-বিত্তের লোভে অনেকেই খেলার সর্বনাশ করছে। এই প্রবণতা ঠেকাতেই হবে।'' পাকিস্তান ক্রিকেট দলের সাবেক নির্বাচক ইকবাল কাসিম মনে করছেন, এতে আরো বিপাকে পড়লো পাকিস্তান। তিনি বলছেন ''পাকিস্তান ক্রিকেট ফের অন্ধকারে প্রবেশ করল। নিয়মিত বিরতিতেই এমন ঘটনা ঘটছে। এর শেকড় উপড়ে ফেলা সম্ভব হচ্ছে না। কেন হচ্ছে না এখন সেটাই প্রশ্ন। বিষয়টা নিয়ে চিন্তাভাবনা করা উচিত।'' ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভনও হতাশ। তার কথা, ''আমি জানি না কেন বারবার এমন ঘটনা ঘটছে। এর শেষ দেখতেই হবে। এটা ক্রিকেটেরই লজ্জা।'' বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/১৯১৭ ঘ. আরেক সাবেক ইংল্যান্ড অধিনায়ক নাসের হুসেইন বলেন, ''ঘটনাটি নিঃসন্দেহে বিচলিত হওয়ার মতো। কিন্তু ধরতে হবে ম্যাচ গড়াপেটার আসল কারিগরদের।। শুধু খেলোয়াড়দের দোষ দিয়ে লাভ নেই। আড়ালে থাকা লোকগুলোকে ধরতে হবে। তাহলেই কেবল সমাধান হবে।'' বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/