ঢাকা, অগাস্ট ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লিগ পর্বে দু'দলই পরস্পরের বিপক্ষে একটি করে ম্যাচ জিতেছে। শনিবার ডাম্বুলায় তিনজাতি ওয়ানডে সিরিজের ফাইনালে ফের মুখোমুখি স্বাগতিক শ্রীলঙ্কা এবং ভারত। যে ম্যাচে ফেভারিট হিসেবে কাউকে এগিয়ে রাখা যাচ্ছে না।
তবে ক্রিকেটীয় হিসেবে ব্যাটসম্যানদের নৈপুন্যে সামান্য এগিয়ে থাকছে শ্রীলঙ্কা। তবে সেটি নিয়ে আত্মতুষ্টির কোনো সুযোগ নেই স্বাগতিকদের।
ফাইনালের হিসেবে অবশ্য ভারত এগিয়ে। কারণ গত জুন মাসে শ্রীলংকায় অনুষ্ঠিত এশিয়া কাপের ফাইনালে ভারতই চ্যাম্পিয়ন হয়েছিল স্বাগতিকদের হারিয়ে।
ফাইনালের আগে বেশি কথা উঠেছে পিচ নিয়ে। কারণ টসে জিতে প্রথমে ব্যাটিং নিতে পারলেই ম্যাচ মোটামুটি আয়ত্ত্বে চলে আসছে। রাতে ব্যাট করতে গিয়ে সমস্যাই হচ্ছে ব্যাটসম্যানদের।
ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি স্বীকার করেছেন বীরেন্দ্র শেবাগ ছাড়া তার দলের আর কোনো ব্যাটসম্যান নিজের নামের প্রতি সুবিচার করতে পারছে না। বোলারদের ওপর তার আস্থা রয়েছে। ভারত চার পেসার নিয়েই খেলবে। যেটা তারা করেছিল লিগ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে।
শ্রীলঙ্কাও লিগ পর্বে তাদের শেষ ম্যাচে ভারতকে হারানো দলই নামাচ্ছে। তবে তারা স্পিনার হিসেবে সুরাজ রনদীভকে খেলাবে। সঙ্গে তিন পেসার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এটি/১৯৪৫ ঘ.
bdnews24