ঢাকা, অগাস্ট ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট কিংবদন্তী ব্রায়ান লারা জিম্বাবুয়ে ক্রিকেটের বার্ষিক পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। আগামি ৩ সেপ্টেম্বর হারারেতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সেখানে স্মারক বক্তব্য রাখবেন সাবেক ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক।
গত এক বছরে জিম্বাবুয়ে ক্রিকেটে যারা বড় অবদান রেখেছেন, তাদেরকেই বাছাই করে ওই অনুষ্ঠানে সম্মানিত এবং পুরস্কৃত প্রদান করা হবে। পুরুষ ও মহিলা দুই বিভাগেই মনোনয়ন পেয়েছেন ক্রিকেটাররা।
দেশটির ক্রিকেট বোর্ডের পরিচালক ওজিয়াস বিভুতে বলেন ''ব্রায়ান লারার মতো ক্রিকেট কিংবদন্তী আমাদের আমন্ত্রনে সাড়া দিয়েছেন বলে আমরা কৃতজ্ঞ ও গর্বিত। এটা জিম্বাবুয়ের খেলোয়াড়দের অনুপ্রানিত করবে এবং প্রেরণা যোগাবে।''
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/১৭০৫ঘ.
bdnews24