ঢাকা, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ত্রিদেশীয় ক্রিকেট সিরিজের অলিখিত সেমিফাইনালে বুধবার নিউজিল্যান্ডকে ১০৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে ভারত। ফলে সিরিজের ফাইনালে ভারতই মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কার।
২৮ অগাষ্ট শনিবার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
রনগিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে গ্র"প পর্বের শেষ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। বীরেন্দ্র শেবাগের শতকের সুবাদে ২২৩ রান করে তারা। খেলে ৪৬ ওভার ৩ বল। জবাবে ভারতীয় বোলারদের চমৎকার বোলিংয়ে মাত্র ১১৮ রানেই গুঁটিয়ে যায় নিউজিল্যান্ড। খেলেছে মাত্র ৩০ ওভার ১ বল।
ব্যাটিংয়ে নামা ভারতকে শুরুতেই ধাক্কা দেন কাইল মিলস। স্কোর বোর্ডে কোন রান যোগ হওয়ার আগেই উদ্বোধনী ব্যাটসম্যান দিনেশ কার্তিককে সাজঘরে ফেরান তিনি।
অপর উদ্বোধনী ব্যাটসম্যান বীরেন্দ্র শেবাগ দলকে এগিয়ে নিতে থাকেন। যদিও অপর প্রান্তে ব্যাটসম্যানদের আসা যাওয়া চলতে থাকে। এর মধ্যেই শেবাগ তার ত্রয়োদশ একদিনের আন্তর্জাতিক শতক তুলে নেন। করেন ১১০ রান।
এছাড়া অধিনায়ক মহেন্দ্র সিং ধোনী ৩৮ ও রবীন্দ্র জাদেজা ১৭ রান করেন। আর কেউই দুই অংকের কোটা ছুঁতে পারেননি।
নিউজিল্যান্ডের টিম সাউদি ৪৯ রান দিয়ে নিয়েছেন ৪টি উইকেট। এছাড়া নাথান ম্যাককুলাম ৩৫ রানে পান ৩ টি উইকেট।
২২৪ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে নিউজিল্যান্ডের শুরুটাও ভালো হয়নি। দলীয় এক রানে প্রবীন কুমারের বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান উদ্বোধনী ব্যাটসম্যান মার্টিন গাপটিল (০)। এর পর শুধু ব্যাটসম্যানদের আসা যাওয়াই চলে। শেষ দিকে কাইল মিলসের ৩৫ বলে ৫২ রানের ইনিংস দলের হারের ব্যবধানই শুধু কমাতে পেরেছে। তার এ ইনিংস ছিল ৩ ছয় ও ৭টি চারে সাজানো।
এছাড়া স্কট স্টাইরিস ১৩, গ্রান্ট এলিয়ট ১১ ও টিম সাউদি ১০ রান করেন।
ভারতের প্রবীন কুমার ১৭ রানে এবং মুনাফ প্যাটেল ২১ রানে ৩ টি করে উইকেট নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এমএইচ/১৯০২ ঘ.
bdnews24