২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে ফের আন্তর্জাতিক ক্রিকেট

জিম্বাবুয়ের সফর দিয়েই পাকিস্তানে আবারো শুরু হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট। ২০০৯ সালের মার্চে পাকিস্তান সফররত শ্রীলঙ্কা দলের বাসে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ হয়ে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2010, 12:19 PM

Updated : 25 Aug 2022, 06:30 PM

ঢাকা, অগাস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিম্বাবুয়ের সফর দিয়েই পাকিস্তানে আবারো শুরু হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট। ২০০৯ সালের মার্চে পাকিস্তান সফররত শ্রীলঙ্কা দলের বাসে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ হয়ে যায়। এমনকি ২০১১ সালের বিশ্বকাপ ক্রিকেটের অন্যতম আয়োজকের অধিকারও হারায় পাকিস্তান। তাদের ম্যাচগুলো ভাগ করে দেয়া হয় বাকি তিন আয়োজক ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশকে। পাকিস্তান দেশের মাটিতে সূচীতে থাকা ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে খেলতে বাধ্য হয়। সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজটি পাকিস্তান খেলে ইংল্যান্ডের মাটিতে। তাদের দেশের বন্যাদুর্গতদের সাহায্যার্থে বেশ কিছু আন্তর্জাতিক ম্যাচ খেলার আহ্বান জানিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাতে কেবল সাড়া দিয়েছে জিম্বাবুয়ে। নিউজিল্যান্ড জানিয়ে দিয়েছে তারা এখনো পাকিস্তানের মাটিতে খেলতে রাজি নয়। পিসিবি জানিয়েছে বন্যার আগেই জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের সঙ্গে তাদের আলোচনা চলছিল একটি সিরিজের ব্যাপারে। সিরিজটি থেকে প্রাপ্ত অর্থ বন্যা ত্রাণ তহবিলে দান করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এনআই/১৮১৩ ঘ.