ঢাকা, ২৩ অগাস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অস্ট্রেলিয়া ক্রিকেটের প্রথম সার্বক্ষণিক নির্বাচক হিসেবে সাবেক অধিনায়ক গ্রেগ চ্যাপেল সোমবার দায়িত্ব পেয়েছেন।
চ্যাপেল তার কাজ শুরু করবেন আগামী মাসে। দায়িত্ব পেয়েই তিনি বলেছেন দলের অভিজ্ঞ খেলোয়াড়দের বাদ দেয়ার কোনো পরিকল্পনা তার নেই। তবে প্রয়োজনে এই ধরণের কঠিন সিদ্ধান্ত নিতে প্রস্তুত তিনি।
উল্লেখ্য, বর্তমান অজি দলের অধিনায়ক রিকি পন্টিং, উদ্বোধনী ব্যাটসম্যান সাইমন ক্যাটিচ এবং মিডল অর্ডার ব্যাটসম্যান মাইকেল হাসি প্রত্যেকেই ৩৫ বছরে পড়েছেন।
চ্যাপেল বলেছেন বয়স নয় পারফরম্যান্সই জাতীয় দলে খেলোয়াড়দের সুযোগ পাওয়ার এবং টিকে থাকার প্রধান মানদন্ড হবে।
অজি নির্বাচক কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন অ্যান্ড্রু হিলডিচই। আর নির্বাচক কমিটির চার সদস্যের প্যানেলের মধ্যে অন্যতম হচ্ছেন চ্যাপেল। বাকি তিনজন হচ্ছেন মার্ভ হিউজ, জেমি কক্স এবং ডেভিড বুন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এনআই/১৯৫৬ ঘ.
bdnews24