ঢাকা, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওভালে তৃতীয় টেস্টে ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে পাকিস্তান। জয়ের জন্য পাকিস্তানের লক্ষ্য ছিল ১৪৮ রান। শনিবার ম্যাচের চতুর্থ দিন লাঞ্চের পর ৪১.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় সফরকারীরা।
উমর আকমল অপরাজিত ১৬ এবং মোহাম্মদ আমির হার না মানা ৪ রান করে পাকিস্তানকে জয়ের ঠিকানায় পৌঁছে দেন।
চার ম্যাচের সিরিজে ইংল্যান্ড এখনো এগিয়ে ২-১ ম্যাচে। দু'দলের চতুর্থ এবং শেষ টেস্ট শুরু হবে ২৬ অগাস্ট লর্ডসে।
জয়ের জন্য ১৪৮ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে মধ্যাহ্ন বিরতি পর্যন্ত সফরকারীরা তিন উইকেটে তুলেছিল ১১৫ রান। উইকেটে ছিলেন মোহাম্মদ ইউসুফ ২২ রান নিয়ে। অপর প্রান্তে ৪ রানে অপরাজিত ছিলেন আজহার আলী।
দলীয় পাঁচ রানের মাথায় ইয়াসির হামিদ শূন্য রানে সাজঘরে ফিরে গেলে হোঁচট খায় পাকিস্তান। ইমরান ফারহাত ৩৩ রান করে গ্রায়েম সোয়ানের বলে এলবিডব্লিউয়ের শিকার হন। অধিনায়ক সালমান বাট ৬৪ বলে ৪৮ রান করে সোয়ানের বলে ফিরে যান।
কিন্তু লাঞ্চের পরই পাকিস্তান দ্রুত ৩ উইকেট হারালে জমে ওঠে ম্যাচ। ইউসুফের সঙ্গে ভুল বোঝাবুঝিতে ৫ রান করে রানআউট হয়ে যান আজহার। ব্যক্তিগত ৩৩ রানে ইংল্যান্ড পেসার জেমস অ্যান্ডারসনের ইয়র্কারে বোল্ড হন ইউসুফ।
তারপর অফ-স্পিনার গ্রায়েম সোয়ানের বলে কামরান আকমল শূন্য রানে এলবিডব্লিউ হলে ১৩২ রানে ৬ উইকেট হারিয়ে রীতিমতো শঙ্কায় পড়ে যায় পাকিস্তান। শেষ পর্যন্ত উমর এবং আমির দাঁতে দাঁত চেপে বাকি ১৬ রান তুলে দলকে দারুণ দরকারী একটা জয় এনে দেন।
গ্রায়েম সোয়ান ৫০ রানে উইকেট নেন তিনটি। জেমস অ্যান্ডারসন নেন দু'টি উইকেট, রান দেন ৩৯।
ইংল্যান্ড তৃতীয় দিন শেষ করেছিল ৯ উইকেটে ২২১ রান তুলে। চতুর্থ দিন সকালে দলীয় স্কোরে এক রান যোগ করে স্টুয়ার্ট ব্রড ৬ রানে আমিরের বলে আউট হলে স্বাগতিকদের দ্বিতীয় ইনিংসের সমাপ্তি ঘটে ২২২ রানে।
আমির ৫২ রানে নেন ৫ উইকেট। দুই ইনিংসে ৬ উইকেট নিয়ে তিনিই ম্যাচ সেরা। আর অফ-স্পিনার সাইদ আজমল ৪ উইকেট নেন ৭১ রানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এমএইচ/১৮২২ ঘ.
bdnews24