২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গু আক্রান্ত যুবরাজকে ছাড়াই নামছে ভারত

শ্রীলঙ্কায় চলমান ত্রিদেশীয় সিরিজের তৃতীয় ম্যাচে খেলতে পারছেন না ভারতের যুবরাজ সিং। তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2010, 01:47 PM

Updated : 25 Aug 2022, 06:27 PM

ঢাকা, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রীলঙ্কায় চলমান ত্রিদেশীয় সিরিজের তৃতীয় ম্যাচে খেলতে পারছেন না ভারতের যুবরাজ সিং। তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। শ্রীলঙ্কার বিপক্ষে সোমবারের ঐ ম্যাচটি ভারতের জন্য গুরুত্বপূর্ণ। ত্রিদেশীয় সিরিজে টিকে থাকতে হলে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটিতে জয় চাই ভারতের। তা না হলে ফাইনালের আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়তে পারে ধোনির দল। কারণ প্রথম ম্যাচে ভারত ২০০ রানে হারে নিউজিল্যান্ডের কাছে। ফলে তাদের পয়েন্টের খাতা এখনো শূন্য। কিউইরা অবশ্য তাদের দ্বিতীয় ম্যাচে ৩ উইকেটে হেরে যায় শ্রীলঙ্কার কাছে। ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি বলেছেন, "সোমবারের ম্যাচে আমরা যুবরাজকে পাচ্ছি না। ও ডেঙ্গুতে আক্রান্ত। তবে চিন্তার কিছু নেই, যুবরাজ ডেঙ্গু বিপদ থেকে মুক্ত।" এশিয়া কাপে বাদ পড়া যুবরাজ শ্রীলঙ্কা সফরে দলে ডাক পেলেও তার সময়টা ভালো যাচ্ছে না। শ্রীলঙ্কার বিপক্ষে শুধুমাত্র প্রথম টেস্টে তিনি মাঠে নেমেছিলেন তিনি। দ্বিতীয় ম্যাচে জ্বরে আক্রান্ত হওয়ায় তার জায়গায় সুরেশ রায়না দলে যোগ দেন। অভিষেক টেস্টে শতক করার পুরস্কার হিসেবে তৃতীয় টেস্টে রায়নাকেই দলে রাখা হয়। ত্রিদেশীয় একদিনের সিরিজে অবশ্য প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেন যুবরাজ। তবে করেন মাত্র ৫ রান। একই সঙ্গে চোট সমস্যার কারণেও ভারতীয় দলের ভারসাম্য নষ্ট হচ্ছে। এরই মধ্যে মুনাফ প্যাটেলকে দলে ডাকা হয়েছে। ইশান্ত শর্মা হাঁটুর চোটে ভোগায় সোমবার মুনাফ দলে জায়গা পেতে পারেন। অনুশীলনের সময় হাতে ব্যথা পাওয়া ব্যাটসম্যান দিনেশ কার্তিক ফিট হয়ে গেছেন বলে জানিয়েছেন ধোনি। তিনিও সোমবার খেলছেন শ্রীলঙ্কার বিপক্ষে। দলের তারকা ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার বিশ্রামে থাকায় এবং চোটের কারণে গৌতম গম্ভীর দলের বাইরে থাকায় ভারতের ব্যাটিং গভীরতা কমে গেছে। যুবরাজ সিংয়ের ফর্মে না থাকাও ভারতকে ভোগাচ্ছে। পাশাপাশি বোলিংয়ে হরভজন সিং এবং জহির খানের অনুপস্থিতিতে ভারতের বোলিং সামর্থ্যওে টান ধরেছে। শ্রীলঙ্কার বিপক্ষে তাই চাপেই থাকতে হবে ভারতকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এমএইচ/১৯৩০ ঘ.