ঢাকা, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আগামী ১৮ অগাস্ট ওভালে শুরু পাকিস্তান ইংল্যান্ড তৃতীয় টেস্ট। সেই টেস্টে খেলতে যাচ্ছেন অভিজ্ঞ ব্যাটসম্যান মোহাম্মদ ইউসুফ। কিন্তু নিজের ম্যাচ অনুশীলন ও ফিটনেস তিনি নিজেই সন্তুষ্ট নন। বরং বেশ চিন্তিত তিনি।
ওভাল টেস্টের আগে পাকিস্তানের দু'দিনের ম্যাচ ছিল ওরস্টার্শায়ারের বিপক্ষে। সেই ম্যাচে নেমে ব্যাট হাতে অপরাজিত ৪০ রান করেছিলেন ইউসুফ। কিন্তু বৃষ্টির কারণে ম্যাচের সময় কমে যায়। তাই আক্ষেপ এই মিডল অর্ডার ব্যাটসম্যানের। পাকিস্তানের তরুণ এবং ভঙ্গুর ব্যাটিং লাইন আপের শক্তি বাড়াতে ইউসুফ দেশের ক্রিকেট বোর্ডের জরুরী তলবে দলের সঙ্গে ইংল্যান্ডে যোগ দেন দ্বিতীয় টেস্ট শুরুর একদিন আগে।
তবে দ্বিতীয় টেস্টে খেলেননি তিনি। পাকিস্তান ওই ম্যাচও হেরে চার টেস্টের সিরিজে পিছিয়ে যায় ২-০ ব্যবধানে। ইউসুফ বলেছেন, "প্রথম শ্রেণী আর আন্তর্জাতিক ক্রিকেটে ফিটনেসের মানে ব্যাপক ফারাক। এ ছাড়া ম্যাচ অনুশীলনের কোনো বিকল্প নেই। আমি যদি আরো কিছু ম্যাচ খেলার সুযোগ পেতাম টেস্টের আগে তাহলে খুবই ভাল হত।"
ইউসুফ স্বীকার করেন টেস্ট খেলার জন্য শতভাগ ফিট নন তিনি। তারপরও দলের প্রয়োজনে অভিজ্ঞতার সবটুকু উজার করে দিতে চান ওভাল টেস্টে।
এদিকে আঙুলের ইনজুরিতে পড়া উইকেটকিপার জুলকারনাইন হায়দারের চলতি ইংল্যান্ড সফর শেষ হয়ে গেছে। কারণ আঙুলে চিড় ধরা পড়েছে তার। যেটি সারতে প্রায় একমাস লাগবে বলে জানিয়েছেন ডাক্তাররা। এজবাস্টনে দ্বিতীয় টেস্টেই অভিষেক হয়েছিল জুলকারনাইনের। এর আগে ইনজুরিতে ইংল্যান্ড সফর শেষ হয়ে যায় ফাস্ট বোলার উমর গুলেরও।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এনআই/১৮২০ ঘ.
bdnews24