ঢাকা, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিউজিল্যান্ডের উদ্বোধনী ব্যাটসম্যান বিজে ওয়াটলিং ও স্কট স্টাইরিসের প্রতিরোধ ভেঙ্গে দিয়েছেন শ্রীলঙ্কার বোলাররা। ২৩ ওভার ১ বলে তাদের রান দাঁড়িয়েছে ১০১, পাঁচ উইকেটে। যদিও অর্ধ-শতক হাঁকিয়েছেন ওয়াটলিং।
গ্যারেথ হপকিন্স ব্যাট করছেন ১ রান নিয়ে। অপর প্রান্তে নাথান ম্যাককালাম এখনো হিসেবের খাতা খোলেননি।
ডাম্বুলায় ত্রিদেশীয় একদিনের ক্রিকেট প্রতিযোগিতার দ্বিতীয় খেলায় টস জিতে ব্যাটিংয়ে নেমেই বিপদে পড়ে নিউজিল্যান্ড। দলীয় ২ রানের মাথায় হিসেবের খাতা খোলার আগেই লাসিথ মালিঙ্গার বলে চামারা কাপুগেদেরার হাতে ধরা পড়েন মার্টিন গুপটিল। ৪৭ রানের মাথায় অধিনায়ক রস টেইলর (১৬) ও ক্যান উইলিয়ামসন (০) বিদায় নিলে খাদে পড়ে যায় নিউজিল্যান্ড। দু'টি উইকেটই নেন অ্যাঞ্জেলো ম্যাথিউস।
এ অবস্থায় দলের হাল ধরেন ওয়াটলিং ও স্টাইরিস। ৫২ রান যোগ করে দলকে খাদ থেকে টেনে তুলতে না তুলতে আবারো হোঁচট খায় নিউজিল্যান্ড। ৯৯ রানের মাথায় রঙ্গনা হেরাথের বলে মাহেলা জয়াবর্ধনের হাতে ধরা পড়ে বিদায় নেয়ার আগে ২৪ রান করেন স্টাইরিস।
দলের সঙ্গে আর দুই রান যোগ হওয়ার পর ম্যাথিউসের বলে উইকেটের পেছনে অধিনায়ক কুমার সাঙ্গাকারার হাতে ধরা পড়েন ওয়াটলিং। ৬৮ বলে ৫৫ রান করেন তিনি। চার মেরেছেন আটটি।
সাঙ্গাকারা মোট পাঁচ বোলার ব্যবহার করেন। তাদের মধ্যে তিন উইকেট নিয়েছেন ম্যাথিউস, ২০ রানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৭০২ ঘ.
bdnews24