২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অজিদের বিপক্ষে ওয়ানডেতে ফিরছেন মুরালিধরন

সদ্য টেস্ট ক্রিকেট থেকে অবসর নেয়া শ্রীলঙ্কান স্পিন জাদুকর মুত্তিয়া মুরালিধরন ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন এ বছরের নভেম্বরে। অস্ট্রেলিয়া সফরে ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কার হয়ে খেলবেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2010, 01:50 PM

Updated : 25 Aug 2022, 06:26 PM

ঢাকা, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সদ্য টেস্ট ক্রিকেট থেকে অবসর নেয়া শ্রীলঙ্কান স্পিন জাদুকর মুত্তিয়া মুরালিধরন ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন এ বছরের নভেম্বরে। অস্ট্রেলিয়া সফরে ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কার হয়ে খেলবেন তিনি। মেলবোর্ন মাঠে শ্রীলঙ্কা - অস্ট্রেলিয়া প্রথম ওয়ানডে ৩ নভেম্বর। ওই ম্যাচেই খেলবেন মুরালিধরন। এ খবর দিয়েছেন শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক অরবিন্দ ডি সিলভা। চ্যাম্পিয়ন্স লিগের প্রচারণার জন্য মুরালিধরন এখন রয়েছেন জোহানেসবার্গে। সেখান থেকে তিনি এই খবরের সত্যতা স্বীকার করেছেন। জানিয়েছেন, নির্বাচকরা চাইলে তিনি ২০১১ বিশ্বকাপে খেলতে চান। আগামী বছর ক্রিকেটের বিশ্বকাপ যৌথভাবে অনুষ্ঠিত হবে ভারত, শ্রীলঙ্কা এবং বাংলাদেশে। বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই অস্ট্রেলিয়ায় ওয়ানডে সিরিজে মুরালিধরনকে রাখা হবে বলে জানা গেছে। নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানাতে গিয়ে টেস্টে রেকর্ড ৮০০ উইকেটের মালিক বলেছেন, ''আমি আরো দু' থেকে তিন বছর চ্যাম্পিয়ন্স লিগ, আইপিএল খেলতে চাই। সে জন্যই অনুশীলন এবং জিম কোনোটাই বাদ দেইনি। সম্ভব হলে খেলতে পারি কাউন্টি ক্রিকেটেও।'' আগামী ১০ সেপ্টেম্বর শুরু হবে চ্যাম্পিয়ন্স লিগ। তাতে মুরালিধরন খেলবেন মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই সুপার কিংসের হয়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এনআই/১৯৩৩ ঘ.