২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দলে নেই ইউসুফ, আকমল

এজবাস্টনে মোহাম্মদ ইউসুফকে দলের বাইরে রেখেই ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে নেমেছে পাকিস্তান। দলে জায়গা হয়নি উইকেটরক্ষক-ব্যাটসম্যান কামরান আকমলেরও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2010, 01:39 PM

Updated : 25 Aug 2022, 05:40 PM

ঢাকা, আগষ্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এজবাস্টনে মোহাম্মদ ইউসুফকে দলের বাইরে রেখেই ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে নেমেছে পাকিস্তান। দলে জায়গা হয়নি উইকেটরক্ষক-ব্যাটসম্যান কামরান আকমলেরও। কামরানের জায়গায় খেলতে নেমেছেন ২৪ বছর বয়সী জুলকারনাইন হায়দার। এর মধ্য দিয়ে অভিষেক হলো তার। খেলা শুরুর আগে থেকেই মোহাম্মদ ইউসুফকে নিয়ে চলছিল আলোচনা-সমালোচনা। ধারণা করা হচ্ছিল খেলানো হতে পারে তাকে। কিন্তু ম্যাচ শুরুর আগের রাতে দলের সঙ্গে যোগ দেন তিনি। বিমান যাত্রার ধকলই কাটিয়ে উঠতে পারেননি। তাই তাকে দলে নিয়ে কোনো রকম ঝুঁকি নিতে চাননি কর্মকর্তারা। অবশ্য ইউসুফ নিজেও মাঠে নামার জন্য প্রস্তুত ছিলেন না। তিনি বলেন, ''আমার মনে হয় আরো তিন-চারদিন অনুশীলনের প্রয়োজন রয়েছে। হঠাৎ করেই তো আর মাঠে নামা যায় না।'' তবে পরের টেস্টে তার খেলা প্রায় নিশ্চিত। কারণ ইংল্যান্ডের বিপক্ষে ইউসুফের ব্যাটিং গড় ৬৫.০৯। এর মধ্যে একটি দ্বি-শতকসহ তিনটি শতকও রয়েছে। ইউসুফ আবারো বলেছেন, সালমান বাটের মতো তরুণ অধিনায়কের নেতৃত্বে খেলতে আপত্তি নেই তার। তবে হঠাৎ ইউসুফের দলে যোগ দেয়া মেনে নেননি কোচ ও অধিনায়ক, দু'জনই। তাদের এই অপছন্দের কথা জানিয়েও দিয়েছেন কোচ ওয়াকার ইউনিস ও অধিনায়ক সালমান বাট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/১৯২৭ ঘ.