ঢাকা, আগস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতের বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টে দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিন শেষে শ্রীলঙ্কা রান তুলেছে দুই উইকেটে ৪৫। ফলে ৩৪ রানে এগিয়ে আছে স্বাগতিকরা। হাতে আছে ৮ উইকেট।
উইকেটে রয়েছেন অধিনায়ক কুমার সাঙ্গাকারা ১২ ও সুরজ রনদিভ শূন্য রানে।
কলম্বোর পি সারা ওভালে টস জিতে ব্যাটিংয়ে নেমে স্বাগতিক শ্রীলঙ্কা প্রথম ইনিংসে সংগ্রহ করে ৪২৫ রান। ভারত প্রথম ইনিংসে শেবাগের শতকের সুবাদে রান তোলে ৪৩৬।
থারাঙ্গা পারাভিতানা ১৬ রান করে শেবাগের বলে ধোনির হাতে ধরা পড়ে সাজঘরে ফিরে যান। তিলকরত্ন দিলশান ১৩ রান করে পারাভিতানার পথ ধারেন।
বীরেন্দর শেবাগ ১১ রান দিয়ে দু'টি উইকেট নেন।
এর আগে দুই উইকেটে ১৮০ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে ভারত। দ্বিতীয়দিন শেষে অপরাজিত ছিলেন শচীন টেন্ডুলকার ৪০ ও বীরেন্দর শেবাগ ৯৭ রানে।
বীরেন্দর ৯০ বলে ২১তম টেস্ট শতক পূর্ণ করে রনদিভের বলে ওয়েলেগেদারার কাছে ধরা পড়েন। ১০৯ রানের ইনিংস গড়তে তিনি খরচ করেন ১৯৪ বল, সঙ্গে ছিল ১৯টি চারের মার।
ভারতের পক্ষে সবচেয়ে বেশি ৬২ রান করেন সুরেশ রায়না। ভিভিএস লক্ষ্মণ তুলেন ৫৬ রান।
লাসিথ মালিঙ্গা ১১৯ রান দিয়ে নেন তিনটি উইকেট। অজন্তা মেন্ডিস ১০৯ রানে নেন ২ উইকেট। অ্যাঞ্জেলো ম্যাথিউস নেন একটি মাত্র উইকেট।
তিন টেস্টের সিরিজে ১-০ তে এগিয়ে আছে শ্রীলঙ্কা। দ্বিতীয় টেস্ট ছিল অমীমাংসিত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এটি/১৭৩৬ ঘ.
bdnews24