ঢাকা, আগস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হক পাকিস্তান ক্রিকেট দলের ব্যাটিং কোচ হতে চান। ট্রেন্ট ব্রিজে প্রথম টেস্টে পাকিস্তানি ব্যাটসম্যানরা ইংল্যান্ডের বোলারদের সামনে আক্ষরিক অর্থেই অসহায় হয়ে পড়েছেন।
ব্যাটসম্যানদের ব্যর্থতা সম্পর্কে ইনজামাম বলেন, "আসলেই পুরো সময়ের জন্য দলে একজন ব্যাটিং কোচ দরকার। পাকিস্তান ক্রিকেট বোর্ড যদি প্রস্তাব দেয় তাহলে আন্তরিকভাবে আমি বিষয়টি ভেবে দেখবো।"
বার্তা সংস্থা রয়টার্সকে টেস্টে পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী বলেন, "ব্যাটসম্যানদের পরামর্শ দেয়ার জন্য তাদের অবশ্যই একজন বিশেষজ্ঞ ব্যাটিং কোচের প্রয়োজন। আর এই দায়িত্ব নিতে আমি রাজি আছি। কেননা পাকিস্তান ক্রিকেট আমাকে অনেক কিছুই দিয়েছে।"
কৌশল ও ধৈর্য্য ধরে ব্যাটসম্যানরা খেলতে পারছেন না বলে মনে করেন ইনজামাম। তিনি বলেন, "ধৈর্য্যরে অভাবে ২০/৩০ রান করেই ব্যাটসম্যানরা সাজঘরে ফিরছেন। টেস্ট ম্যাচের জন্য এটা মোটেও ভালো নয়।"
ইনজামাম মনে করেন সাবেক অধিনায়ক মোহাম্মদ ইউসুফ ও ইউনিস খানকে দলে নেয়ার কথা নির্বাচকদের বিবেচনা করা উচিত।
ইনজামাম ১২০ টেস্টে রান করেছেন ৮৮৩০, গড় ৪৯.৬০। তার সামনে আছে কেবল জাভেদ মিয়াদাঁদ। ইনজির চেয়ে চারটি ম্যাচ (১২৪) বেশি খেলে তিনি ৫২.৫৭ গড়ে রান করেছেন ৮৮৩২।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৭৫০ ঘ.
bdnews24