ঢাকা, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ট্রেন্ট ব্রিজ টেস্টের তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে ইংল্যান্ড। চা-বিরতির আগ পর্যন্ত তারা রান তুলেছে ১২০, ছয় উইকেটে। ফলে ইংল্যান্ড এগিয়ে ২৯২ রানে।
প্রথম ইনিংসে ইংল্যান্ড করেছিল ৩৫৪ রান। জবাবে শনিবার পাকিস্তান তাদের প্রথম ইনিংসে ১৮২ রানে অলআউট হয়ে যায়।
১৭২ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ইংল্যান্ড। তবে বোলিং সহায়ক উইকেটে প্রথমই বিপদে পড়ে যায় তারা। প্রথম ওভারের চতুর্থ বলেই অ্যান্ড্রু স্ট্রাউসকে (০) ফিরিয়ে দেন মোহাম্মদ আমের। প্রথম ইনিংসেও স্ট্রাউস আমেরের শিকার হয়েছিল। মোহাম্মদ আসিফের বলে কামরান আকমলের হাতে ধরা পড়েন অপর উদ্বোধনী ব্যাটসম্যান অ্যালেস্টার কুক (১২)।
জোনাথন ট্রট ও কেভিন পিটারসেন এ বিপদ সামাল দেয়ার চেষ্টা চালিয়ে যান। কিন্তু উমর গুলের বলে কামরানের তৃতীয় ক্যাচে পরিণত হয়ে সাজঘরের পথ ধরেন পিটারসেন (২২)। স্কোর বোর্ডে আর মাত্র এক রান যোগ করে তার পথ ধরেন জোনাথন ট্রটও (২৬)। বোলার সেই উমর গুল। গুলের বলে উইকেট ভেঙে যায় তার। ইংল্যান্ডের রান তখন ৪ উইকেটে ৬৬।
দলীয় ৭২ রানে উমর গুলের তৃতীয় শিকার পল কলিংউড (১) এলবিডাব্লিউ হয়ে ফিরে যান। বিপদে পড়া ইংল্যান্ডকে আরো বিপদে ফেলে রান আউট হয়ে যান প্রথম ইনিংসে শতক পাওয়া ইউয়িন মর্গান (১৭)।
ম্যাট প্রায়র ১৩ ও গ্রায়েম সোয়ান ১৪ রানে উইকেটে আছেন।
এর আগে দিনের শুরুতে ট্রেন্ট ব্রিজে নয় উইকেটে ১৪৭ রান নিয়ে খেলা শুরু করেছিল পাকিস্তান। গতকালের অপরাজিত দুই ব্যাটসম্যান উমর গুল ও মোহাম্মদ আসিফ খাদে পড়ে যাওয়া পাকিস্তানকে এগিয়ে নিতে চেষ্টা করেন। তাদের চেষ্টাতেই ফলোঅন এড়ায় পাকিস্তান। শেষ পর্যন্ত আসিফ (০) রান আউট হয়ে যান। ক্যারিয়ার সেরা সর্বোচ্চ ৬৫ রানে অপরাজিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এমএইচ/২১১০ ঘ.
bdnews24