ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এবার মুত্তিয়া মুরালিধরনের নামে ক্রিকেট স্টেডিয়াম তৈরি করছে শ্রীলঙ্কা। ২০১১ সালের বিশ্বকাপ ক্রিকেটের খেলা দিয়েই উদ্বোধন হবে এই মাঠের। আর কেনই বা স্টেডিয়াম তৈরি করে তাকে সম্মান জানানো হবে না। কেননা টেস্ট ক্রিকেটে ৮০০ উইকেট নিয়েছেন কেবল তিনিই।
ক্যান্ডির কেন্দ্রীয় প্রাদেশিক পরিষদ জানিয়েছে, এই স্পিন কিংবদন্তীকে সম্মান জানাতেই স্টেডিয়ামটি নির্মাণ করছে তারা।
মুরালির শহর ক্যান্ডির পালেকেলেতে তৈরি করা হবে স্টেডিয়ামটি। খেলা দেখতে পারবেন ২২ হাজার দর্শক। ২০১১ সালের বিশ্বকাপের তিনটি খেলাও হবে সেখানে। শ্রীলঙ্কা ছাড়া অন্য দুই স্বাগতিক দেশ ভারত এবং বাংলাদেশ।
আগামী বছরের ৮ মার্চ পাকিস্তান এই মাঠে মুখোমুখি হবে নিউজিল্যান্ডের। দু'দিন পর স্বাগতিক শ্রীলঙ্কা লড়বে জিম্বাবুয়ের সঙ্গে। সবকিছু ঠিক থাকলে নিজের নামে নির্মিত হতে যাওয়া এই মাঠে খেলতে পারেন মুরালিধরন নিজেও।
টেস্ট থেকে অবসর নিলেও একদিনের ক্রিকেটে খেলে যেতে চান তিনি। ১৪ মার্চ এই মাঠে পাকিস্তান খেলবে জিম্বাবুয়ের বিপক্ষে।
প্রাদেশিক পরিষদ জানিয়েছে, নতুন সেই মাঠের নাম হবে 'মুত্তিয়া মুরালিধরন ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম।'
শিগগিরই স্টেডিয়ামের নির্মাণ কাজ শুরু হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/১৮৫২ ঘ.
bdnews24