ঢাকা, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এবার শ্রীলঙ্কার বোলারদের নাকাল করছেন ভারতের দুই উদ্বোধনী ব্যাটসম্যান বীরেন্দর শেবাগ ও মুরালি বিজয়। টেস্ট খেলা বিবেচনায় নিলে ঝড়ের গতিতে রান তুলছেন তারা। মাত্র ১৮ ওভারে ৯৫ রান করেছেন কোনো উইকেট না হারিয়ে।
সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে বীরেন্দর শেবাগ খেলছেন রীতিমতো একদিনের খেলার মেজাজে। অপরাজিত ৬৪ রান করেছেন মাত্র ৬৩ বলে। চার মেরেছেন ১২টি। তবে ধরে খেলছেন মুরালি বিজয়। তিনি অপরাজিত রয়েছেন ২২ রানে। তার ৫০ বলের ইনিংসে চার রয়েছে চারটি।
শ্রীলঙ্কার অধিনায়ক কুমার সাঙ্গাকারা পাঁচ বোলার ব্যবহার করলেও কেউ কোনো সুবিধা করতে পারেননি।
এর আগে ভারতীয় বোলারদেরও নাকাল করে ছাড়েন শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা। কুমার সাঙ্গাকারার দ্বি-শতক, মাহেলা জয়াবর্ধনে ও থারাঙ্গা পরানাভিতানার শতকের সুবাদে চার উইকেটে ৬৪২ রান তুলে দান ছেড়ে দেয় শ্রীলঙ্কা।
দ্বিতীয় টেস্টের প্রথম পালায় দুই উইকেটে ৩১২ রান মঙ্গলবার নিয়ে দ্বিতীয়দিনের খেলা শুরু করেন আগেরদিনের দুই অপরাজিত ব্যাটসম্যান সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনে। মধ্যাহ্ন-বিরতির আগে আগে ৪৬৬ রানের মাথায় বীরেন্দর শেবাগের বলে রাহুল দ্রাবিড়ের হাতে ধরা পড়ার আগে সাঙ্গাকারা তার ১৩০ রানের ইনিংসকে টেনে নিয়ে যান ২১৯-এ। তার ৩৩৫ বলের ইনিংসে চার রয়েছে ২৯টি। এটি তার টেস্ট-জীবনের ২৩তম শতক।
এছাড়া ১৩ রান নিয়ে দিনের খেলা শুরু করে শতক আদায় করে নিয়েছেন জয়াবর্ধনেও। তিনি তার টেস্ট জীবনের ২৮তম শতকের দেখা পান ১৭৮ বলে, ১২টি চারের সাহায্যে। হরভজন সিংয়ের বলে সুরেশ রায়নার হাতে ধরা পড়ার আগে করেন ১৭৪। তার ২৪৪ বলের ইনিংসে চার রয়েছে ২০টি। এছাড়া হাওয়ায় ভাসিয়ে দড়ির ওপারে বল পাঠান একবার।
জয়াবর্ধনের আউট হওয়ার সঙ্গে সঙ্গে দান ছেড়ে দেন অধিনায়ক কুমার সাঙ্গাকারা। সে সময় থিলান সামারাবীরা অপরাজিত ছিলেন ৭৬ রানে। তিনি তার ১২১ বলের ইনিংসে দড়ির ওপারে বল পাঠিয়েছেন আটবার।
ভারতীয় বোলারদের মধ্যে একটি করে উইকেট নিয়েছেন ঈশান্ত শর্মা, প্রজ্ঞান ওঝা ও বীরেন্দর শেবাগ ও হরভজন সিং। এজন্য শর্মা খরচ করেন ১০২ রান। ওঝা দেন ১৭২, হরভজন ১৪৭ ও শেবাগ রান দেন ৭১।
তিন টেস্টের সিরিজের প্রথমটি জিতে শ্রীলঙ্কা এগিয়ে আছে ১-০ তে।
তৃতীয় টেস্ট শুরু হবে ৩ আগস্ট, কলম্বোয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৮২৫ ঘ.
bdnews24