ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে টেস্ট ক্রিকেটে হারানো রীতিমতো কঠিন। কিন্তু তার চেয়েও কঠিন শ্রীলঙ্কার মাঠে টস হেরে স্বাগতিকদের হারানো। টস ভাগ্যে শ্রীলঙ্কা নিজেদের মাটিতে সবাইকে পেছনে ফেলেছে। বলা চলে সিংহভাগ সময় টস জিতেছে তারা।
আগামী বছরের এপ্রিলে নিজেদের মাটিতে টস জিতে টেস্ট না হারার এক দশক পূর্তি পালন করতে যাচ্ছে শ্রীলঙ্কা। হারলে অবশ্য অন্য কথা। কলম্বোতে সোমবার ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টেও টস জেতে তারা। ২০০১ সালের পর দেশের মাটিতে এটা তাদের ২০তম টস জয়।
এর আগের যে ১৯ টি টেস্টে টস জেতে শ্রীলঙ্কা তার ১৫ টিতেই জয় পেয়েছে তারা। অমীমাংসিত ছিল চারটি। হার নেই। টস জিতে শ্রীলঙ্কার নিয়মই হলো আগে ব্যাট করে বিশাল রানের সংগ্রহ গড়ে তোলা। এরপর বিপক্ষকে ধীর গতির, ঘূর্ণি উইকেটে চেপে ধরা।
টেস্টে টস হেরে শ্রীলঙ্কার মাটিতে দেশটিকে সর্বশেষ হারিয়েছিল ইংল্যান্ড। ২০০১ সালের ওই টেস্টে ইংল্যান্ড জিতেছিল ৪ উইকেটে। তারপর থেকে টস জয় মানে, শ্রীলঙ্কার জয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/১৯৫৬ ঘ.
bdnews24