২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ ক্রিকেটের নিরাপত্তা দেখভালে জাতীয় কমিটি

বিশ্বকাপ ক্রিকেটের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা দেখভাল করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুনকে প্রধান করে 'জাতীয় নিরাপত্তা কমিটি' গঠন করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2010, 02:44 PM

Updated : 25 Aug 2022, 04:51 PM

ঢাকা, জুলাই ২৫ (টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপ ক্রিকেটের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা দেখভাল করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুনকে প্রধান করে 'জাতীয় নিরাপত্তা কমিটি' গঠন করা হচ্ছে। সচিবালয়ে রোববার আসন্ন বিশ্বকাপ ক্রিকেটের নিরাপত্তা নিয়ে এক সমন্বয় সভায় এ কমিটি গঠনের প্রস্তাব করা হয়। সভা শেষে স্বরাষ্ট্র মন্ত্রী সাংবাদিকদের বলেন, "বিশ্বকাপের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সভায় আলোচনা হয়েছে।" তিনি সর্বোচ্চ সতর্ক ব্যবস্থা নেয়ার নিশ্চয়তা দেন। তিনি জানান, তাকে সভাপতি করে সভায় জাতীয় নিরাপত্তা কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে। আয়োজক দেশগুলোর নিজ নিজ নিরাপত্তা ব্যবস্থার মধ্যে সমন্বয় সাধনের দায়িত্ব পালন করবে কেন্দ্রীয় নিরাপত্তা কমিটি। বিশ্বকাপ আয়োজন বাংলাদেশের জন্য গৌরবের বলে উল্লেখ করে তিনি বলেন, "এই গৌরব রক্ষা করতে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে। প্রয়োজনীয় সরঞ্জামসহ অন্যান্য ব্যবস্থা নেয়া হবে। নিরাপত্তা ব্যবস্থায় সেনাসহ সব বাহিনীর সদস্যদের ব্যবহার করা হবে।" বিশ্বকাপ ক্রিকেট শুরু হবে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কায় আগামী বছর ১৯ ফেব্র"য়ারি। চলবে ২ এপ্রিল পর্যন্ত। পাকিস্তানও ছিল স্বাগতিক দেশের একটি। নিরাপত্তার কারণে কোনো দেশ খেলতে না চাওয়ায় পাকিস্তানের খেলাগুলো ভাগ-বাটোয়ারা করে দেয়া হয় অপর তিন আয়োজক দেশের মধ্যে। ৬ ফেব্র"য়ারি থেকে ঢাকায় আসতে শুরু করবে অংশগ্রহণকারী দেশের ক্রিকেটাররা। সভায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি আ হ ম মোস্তফা কামাল (লোটাস কামাল), স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান সিকদার, র‌্যাব মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার, পুলিশ সদর দপ্তরের শীর্ষস্থানীয় কর্মকর্তারা, ঢাকা ও চট্টগ্রাম মহানগর পুলিশের কর্মকর্তা, এনএসআই, ডিজিএফআই ও এসবি-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। লোটাস কামাল জানান, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চাহিদা অনুযায়ী, নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/টিআর/১৯৩৬ ঘ.