কলম্বো, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হাঁটুর চোটের জন্য ভারতের বিপক্ষে কলম্বো টেস্টে খেলতে পারবেন না শ্রীলঙ্কার পেসার লাসিথ মালিঙ্গা।
ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে শ্রীলঙ্কা দল মাঠে নামবে ২৬ জুলাই।
প্রথম টেস্টে শ্রীলঙ্কার জয়ের অন্যতম কারিগর ছিলেন মালিঙ্গা। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়ে দলের বিজয় অনেকটা নিশ্চিত করেন তিনি। তবে প্রথম ইনিংসে নিয়েছিলেন আরো ২টি উইকেট। এই টেস্ট জয়ে অবদান ছিল মুত্তিয়া মুরালিধরনেরও। ক্রিকেট জীবনের এই শেষ টেস্টে ৮ উইকেট তুলে ৮০০ উইকেট শিকারের রেকর্ড গড়েন মুরালি।
ডান হাঁটুর চোটের জন্য মালিঙ্গা আড়াই বছর পর টেস্ট ক্রিকেটে ফিরে গল টেস্টে খেলেছেন দুর্দান্ত। মুরালিধরন ও মালিঙ্গার দু'জনের ১৫ উইকেট শিকারে বিধ্বস্ত হয় ভারত। আর দল পায় বিজয়ের মালা।
মালিঙ্গার বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামবেন দিলহারা ফার্নান্দো। তার সঙ্গে দলে যোগ দিচ্ছেন স্পিনার অজন্তা মেন্ডিস।
শ্রীলঙ্কান ক্রিকেটের প্রধান নির্বাচক অরবিন্দ ডি সিলভা বলেন, হাঁটুর চোটের জন্য দলের ফিজিও টমি সিমসেকের পরামর্শে মালিঙ্গাকে বিশ্রামে পাঠানো হয়েছে।
সিলভা আরো বলেন, "আমরা মালিঙ্গার ফিটনেসের ব্যাপারে খোঁজখবর রাখছি। আশা করছি ও তৃতীয় টেস্টে খেলতে পারবেন।" তৃতীয় টেস্টটি শুরু হবে কলম্বোর পি সারা ওভালে, ৩ আগস্ট।
এদিকে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড মাহেলা জয়াবর্ধনেকে অধিনায়ক ও কুমার সাঙ্গাকারাকে তার সহকারী হিসেবে নিয়োগ দিয়েছে। কারণ এর আগে মুরালিধরন ছিলেন দলের সহ-অধিনায়ক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এটি/১৯৪০ ঘ.
bdnews24