লিডস, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হেডিংলি টেস্টে পাকিস্তান প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৭০ রানে এগিয়ে গেছে। বৃহস্পতিবার টেস্টের দ্বিতীয় দিনের মধ্যাহ্ন বিরতির খানিকক্ষণ পর তাদের প্রথম ইনিংসে ২৫৮ রানে সবকটি উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান।
এর আগে প্রথম দিন অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে ৮৮ রানে অলআউট হয়ে গিয়েছিল।
আগের দিনের ৩ উইকেটে ১৪৮ রান নিয়ে খেলতে নেমেছিল পাকিস্তান। শীর্ষ সারির ব্যাটসম্যানদের সবাই দুই অঙ্কের রান করলেও কেউই সেটাকে বড় রানে পরিণত করতে পারেননি। গড়ে ওঠেনি কোনো বড় রানের জুটিও। তাই বিশাল সংগ্রহ গড়তে পারেনি পাকিস্তান।
উমর আমিন ২৫, উমর আকমল ২১, শোয়েব মালিক ২৬ এবং কামরান আকমল ১৫ রান করেন। কিন্তু পরে কেউই এই শুরুটাকে কাজে লাগাতে পারেননি।
পাকিস্তানের ইনিংস ধসিয়ে দেয়ার মূল কারিগর ছিলেন অসি অলরাউন্ডার শেন ওয়াটসন। ৩৩ রানে ৬ উইকেট নেন এই মিডিয়াম পেসার। ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ইনিংসে পাঁচ উইকেট নেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এনআই/১৯২০ ঘ.
bdnews24