গল, শ্রীলঙ্কা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এমন একটা জায়গায় পৌঁছে টেস্ট ক্যারিয়ার শেষ করলেন শ্রীলঙ্কার স্পিন জাদুকর মুত্তিয়া মুরালিধরন, যেখানে টেস্ট ক্রিকেটের ইতিহাসে এর আগে আর কারো পা পড়েনি। বিশ্বের প্রথম বোলার হিসাবে টেস্টে ৮০০ উইকেটের মাইলফলক ছুুঁয়েই দীর্ঘ ১৮ বছরের টেস্ট জীবন শেষ করলেন শ্রীলঙ্কান ক্রিকেটের জীবন্ত কিংবদন্তী মুরালিধরন।
গল টেস্টের পঞ্চম ও শেষ দিন ভারতকে ১০ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে শ্রীলঙ্কা। কিন্তু স্বাগতিকদের জয়ের আনন্দকে হার মানিয়ে প্রচারের আলোতে সেই মুরালিধরনের ৮০০ উইকেট শিকারের রেকর্ড।
গল টেস্টে মুরালিধরন শুরু করেছিলেন ৭৯২ উইকেট নিয়ে। প্রথম ইনিংসে পান ৫ উইকেট। আর দ্বিতীয় ইনিংসে তিন। তাতেই লক্ষ্যে পৌঁছে যান এই অফস্পিনার। টেস্টে তার শেষ শিকার ভারতের বাঁ-হাতি স্পিনার প্রজ্ঞান ওঝা। মুরালিধরনের বলে স্লিপে মাহেলা জয়াবর্ধনে ক্যাচ লুফতেই হয়ে যায় ইতিহাস। একই সঙ্গে ৩৩৮ রানে ভারতের দ্বিতীয় ইনিংসেরও সমাপ্তি ঘটে।
মুরালিধরনকে বিদায়ী টেস্টে সম্মান জানান শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকশে। ম্যাচ শেষে আবেগঘন গলায় তিনি বলেন, '' আমাকে এভাবে সম্মান জানানোর জন্য প্রেসিডেন্টকে ধন্যবাদ। ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমার পরিবারের সকল সদস্য এবং আমার স্ত্রীকে। তাদের সমর্থন আমাকে পথ চলতে সাহায্য করেছে। একই সঙ্গে কৃতজ্ঞতা আমার মাঠের সতীর্থদের। যার দীর্ঘ ১৯ টি বছর সবসময় আমার পাশে থেকেছে। আমাকে সমর্থন করেছে। ধন্যবাদ ক্রিকেট বোর্ডকেও।''
মুরালিধরন জানান, স্কুল জীবন থেকে ক্রিকেট খেলা শুরু করেছিলেন। তারপর তাকে পথ চলতে সাহায্য করেছেন অর্জুনা রানাতুঙ্গা এবং অরবিন্দ ডি সিলভা। বল ছোড়ার অভিযোগের সময় তারা দু'জন যেভাবে মুরালিকে সমর্থন করেছেন, সেটাও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছেন তিনি।
নিজের ভবিষ্যৎ নিয়ে মুরালিধরন বলেন, ''নির্বাচকরা চাইলে আমি বিশ্বকাপ ২০১১ সালে খেলতে রাজি। একই সঙ্গে আরো কিছুদিন টি-টোয়েন্টি খেলতে চাই। ক্রিকেটে আমার প্রচুর বন্ধু আছে। তাদের সঙ্গে সময়টা কাটাবো। বলাইবাহুল্য পরিবারকে আরো বেশি সময় দেব।''
১৩৩ টেস্টে সর্বাধিক ৮০০ উইকেটের পাশাপাশি ওয়ানডেতেও সর্বাধিক ৫১৫ উইকেট দখলের রেকর্ড মুরালিধরনেরই। তার রেকর্ড অদূর ভবিষ্যতে কেউ ছুঁতে পারবে এমন বোলার এখন দূরবীন দিয়েও দেখা যাচ্ছে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এনআই/১৮০৫ ঘ.
bdnews24