ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তান-অস্ট্রেলিয়া দ্বিতীয় ও শেষ টেস্টে ব্যাট করতে নেমে পাকিস্তান তিন উইকেটে ১৪৮ রান তুলেছে। আলোকস্বল্পতার কারনে খেলা আবারও বন্ধ হয়ে গেছে। দিনের আরো প্রায় ১৩ ওভার খেলা হওয়ার কথা। এরই মধ্যে পাকিস্তান ৬০ রানে এগিয়ে গেছে। এর আগে পাকিস্তানি জোরে বোলারদের মারাত্মক বোলিংয়ে প্রথম ইনিংসে মাত্র ৮৮ রানেই অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। এটা প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার সপ্তম সর্বনিু সংগ্রহ।
টেস্টে পাকিস্তানের বিপক্ষে এটি অস্ট্রেলিয়ার দ্বিতীয় সর্বনিু রান। করাচিতে অস্ট্রেলিয়া ১৯৫৬ সালে পাকিস্তানের বিপক্ষে ৮০ রানে অলআউট হয়েছিল।
প্রথম দিনে মধ্যাহ্ন বিরতির কিছুক্ষণ পরই অস্ট্রেলিয়াকে অলআউট করে পাকিস্তান। তারপর পাকিস্তানের শুরুটা বেশ ভালো ছিল। প্রথম উইকেটে তারা তোলে ৮০ রান। বেন হিলফেনহসের বলে ৫ রানের জন্য অর্ধশতক বঞ্চিত হন পাক অধিনায়ক সালমান বাট। ৪৫ রানে বোল্ড হন তিনি। এছাড়া ইমরান ফরহাত ৪৩ এবং আজাহার আলী ৩০ রানে আউট হন।
উমর আমিন ১ ও উমর আকমল ৮ রানে উইকেটে।
হেডিংলিতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। দলীয় ২০ রানে দুই উদ্বোধনী ব্যাটসম্যান সাইমন ক্যাটিচ (১৩) ও শেন ওয়াটসন (৫) যথাক্রমে মোহাম্মদ আমের ও মোহাম্মদ আসিফের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফিরে যান।
অধিনায়ক রিকি পন্টিং মাত্র ৬ রান করে আসিফের দ্বিতীয় শিকারে পরিণত হন। তার আগেই উমর গুলের বলে বোল্ড হয়ে ফিরে যান মাইকেল ক্লার্ক (৩)। দলীয় রান তখন ২৯।
খাদের কিনারে থাকা অস্ট্রেলিয়াকে আবারও আঘাত হানেন উমর গুল। মাইকেল হাসিকে (৫) ফিরিয়ে দিয়ে। মার্কাস নর্থ প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও উমর আমিনকে টেস্ট জীবনের প্রথম উইকেট উপহার দিয়ে তিনিও সাজঘরে ফিরে যান।
মধ্যাহ্ন বিরতির আগে অস্ট্রেলিয়ার স্কোর ৭৩, ছয় উইকেটে। বিরতি থেকে ফিরে মোহাম্মদ আমেরের পরপর দু'বলে আউট হয়ে যান স্টিভেন স্মিথ (১০) ও মিচেল জনসন (০) রানে। এরপর আর কেউই দু'অংকের কোটা ছুঁতে পারেনি।
মোহাম্মদ আমের ২০ ও মোহাম্মদ আসিফ ৩০ রান দিয়ে তিনটি করে উইকেট পেয়েছেন। এছাড়া উমর গুল ১৬ রানে দুই উইকেট পান।
দুই ম্যাচ টেস্ট সিরিজে অস্ট্রেলিয়া ১-০ তে এগিয়ে।
এ ম্যাচে পাকিস্তানের নেতৃত্ব দিচ্ছেন সালমান বাট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২২৩৫ ঘ.
bdnews24