ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দুই ব্যাটসম্যানের ঝড়ো অর্ধ-শতকের সুবাদে বাংলাদেশের বিপক্ষে একদিনের একমাত্র আন্তর্জাতিক খেলায় ৬ উইকেটে জিতেছে নেদারল্যান্ডস। জয়ের লক্ষ্য ২০০ রানে পৌঁছে যায় তারা ৪ উইকেটে। তখনো হাতে ছিল ৭ বল।
গ্লাসগোতে প্রথমে ব্যাট করে বাংলাদেশ নির্ধারিত ৩০ ওভারে করে ১৯৯ রান, সাত উইকেটে। অর্ধ-শতক হাঁকান ইমরুল কায়েস।
এরিক সোয়ারজেনস্কি ৫৪ বলে ৬৭ রান করেন। তিনি সীমানার ওপারে বল পাঠান ৭ বার। হাওয়ায় ভাসিয়ে ৩ বার। ডব্লিউ বারেসি ৪৩ বলে ৬৫ রানের হার না মানা একটি ইনিংস খেলেন। চার মেরেছেন ১১ টি। বি জুইডারেন্ট ৩৫ রানে অপরাজিত থাকেন। তার ৪৩ বলের ইনিংসে ছক্কা রয়েছে একটি।
এছাড়া ১৬ বলে ১৫ রান করেন কারভেজি।
বাংলাদেশের বোলারদের মধ্যে দু'টি করে উইকেট নেন সহ-অধিনায়ক সাকিব আল হাসান ও নাজমুল হোসেন। এজন্য সাকিবের খরচ হয় ২৮ রান। নাজমুল দেন ৪০।
এর আগে মঙ্গলবার টস জিতে নেদারল্যান্ডস ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশকে। দলের ১৩৯ রানের মাথায় সাজঘরে ফেরার আগে ইমরুল কায়েস করেন ৫৩। তিনি তার ৫০ বলের ইনিংসটি সাজিয়েছেন পাঁচটি চার ও একটি ছক্কা দিয়ে।
এছাড়া ৪০ বলে ৪১ রান করেন জহুরুল ইসলাম, জুনায়েদ সিদ্দিকী করেন ৩১, অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ১৮ ও সাকিব আল হাসান ১৫ রান করেন। মাহমুদুল্লাহ রিয়াদ অপরাজিত ছিলেন ২৮ রানে।
নেদারল্যান্ডসের বোলারদের মধ্যে তিনটি উইকেট নেন পি বোরেন, ২৯ রানে। এছাড়া দু'টি করে উইকেট নেন মুদাসসার বুখারি ও এম জঙ্কম্যান। এজন্য বুখারির খরচ হয় ৩৩ রান। জঙ্কম্যান দেন ৫২।
আগের রাতে প্রবল বৃষ্টির জন্য মাঠ ভেজা থাকায় খেলা ৫০ থেকে ৩০ ওভারে কমিয়ে আনা হয়।
বাংলাদেশ সময় বিকাল পৌনে চারটায় খেলা শুরু হওয়ার কথা ছিল।
আগের দিন সোমবার একই মাঠে স্কটল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের একদিনের একমাত্র আন্তর্জাতিক খেলাটি বৃষ্টিতে ভেসে যায়।
ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড সফরে বাংলাদেশ ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ২-১ এ হার মানে।
আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ ১-১ এ ড্র হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এটি/টিআর/০০২০ ঘ.
bdnews24