২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফ্রিদির বিদায়ের নেপথ্যে, সালমান অধিনায়ক

টেস্ট ক্রিকেট থেকে পাকিস্তান দলনায়ক শহিদ আফ্রিদির বিদায়ের ঘোষণায় সকলেই হতবাক হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2010, 02:09 PM

Updated : 25 Aug 2022, 02:02 PM

ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টেস্ট ক্রিকেট থেকে পাকিস্তান দলনায়ক শহিদ আফ্রিদির বিদায়ের ঘোষণায় সকলেই হতবাক হয়েছেন। কিন্তু এখানে বিস্মিত হওয়ার আসলেই কিছু নেই। পাকিস্তান ক্রিকেটে এ ধরনের ঘটনা মোটেও নতুন নয়। বরং বলা চলে নিয়মিতই ঘটে থাকে। এরই মধ্যে খবর বেরিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রধান ইজাজ বাটের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ের পর দল থেকে সরে দাঁড়িয়েছেন শহিদ আফ্রিদি। আর এতে কপাল ফিরেছে সালমান বাটের। অধিনায়কের দায়িত্ব পেয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে হেডিংলিতে দ্বিতীয় টেস্টসহ ইংল্যান্ড সফরে পাকিস্তান দলের নেতৃত্ব দেবেন। সহ-অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে উইকেটরক্ষক ব্যাটসম্যান কামরান আকমলকে। ২০০৯ সালের জানুয়ারি থেকে সালমান হবেন পাকিস্তান দলের পঞ্চম অধিনায়ক। আর এর মধ্য দিয়ে স্পষ্ট হয়ে উঠেছে দলের খেলোয়াড়দের মধ্যে দ্বন্দ্ব ও বিরোধ। তবে সিনিয়র খেলোয়াড়দের সমর্থন কিন্তু আফ্রিদির পক্ষে নেই, বরং তারা সমর্থন জানাচ্ছেন সালমান বাটকেই। পাকিস্তানের নেশন পত্রিকায় বলা হয়, শহিদ আফ্রিদির জায়গায় সালমানকে অধিনায়কত্ব দেয়ার জন্য দলের কয়েকজন সদস্য ষড়যন্ত্র করছেন। বিষয়টি ইজাজ বাট জানার পর তিনি তা আফ্রিদির কাছে জানতে চান। সে সময় দু'জনের মধ্যে প্রচণ্ড কথা কাটাকাটি হয়। আর এর জের ধরেই টেষ্ট দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান আফ্রিদি। হেডিংলি টেস্টেও খেলবেন না তিনি। এদিকে শোয়েব মালিক, কামরান আকমল, উমর আকমল, সালমান বাটসহ দলের কয়েকজন সিনিয়র সদস্য, টিম ম্যানেজমেন্ট ও পিসিবি প্রধানের সঙ্গে বৈঠকের পর সালমানকে অধিনায়কের দায়িত্ব দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। এ ব্যাপারে ক্রিকইনফোকে ইজাজ বাট বলেন, "সালমানকে আমরা অধিনায়কের দায়িত্ব দিয়েছি। এই দায়িত্ব তিনি বেশ ভালোভাবেই পালন করবেন বলে আমি মনে করি।" বৈঠকে উপস্থিত সবাই সালমানকে দলনায়ক হিসেবে মেনে নিয়েছেন বলে তিনি জানান। দলের মিডল-অর্ডারকে শক্তিশালী করে তোলার জন্য সাবেক অধিনায়ক মোহাম্মদ ইউসুফ কিংবা মোহাম্মদ ইউনিস অথবা দু'জনকেই ডেকে পাঠানো হতে পারে বলে খবর বেরিয়েছে। তবে এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। ইউসুফ আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। আর ইউনিসের ওপর থেকে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা তুলে নেয়া হলেও ইজাজ বাটের সঙ্গে তার সম্পর্ক ভালো যাচ্ছে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৯৫৬ ঘ.