২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাঠে ফিরতে রাজি মোহাম্মদ ইউসুফ

অবসর ভেঙ্গে খেলায় ফিরতে রাজি হয়েছেন পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ ইউসুফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2010, 01:57 PM

Updated : 25 Aug 2022, 02:02 PM

করাচি, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবসর ভেঙ্গে খেলায় ফিরতে রাজি হয়েছেন পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ ইউসুফ। এমনকি অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে দলের সঙ্গে যোগ দিতে পারেন তিনি। ইংল্যান্ডের হেডিংলিতে ২১ জুলাই শুরু হবে ম্যাচটি। লর্ডসে প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ১৫০ রানে হেরে যায় পাকিস্তান। এরপর অপ্রত্যাশিতভাবে অধিনায়কত্ব ছেড়ে দেয়ার ঘোষণা দেন পাকিস্তান অধিনায়ক শহীদ আফ্রিদি। খেলবেন না হেডিংলি টেস্টেও। একটি সূত্র জানায়, এ পরিস্থিতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান ইজাজ বাট, ইউসুফকে অবসর থেকে ফিরে আসার প্রস্তাব দেন। এ প্রস্তাবে রাজি হন ডান-হাতি এ ব্যাটসম্যান। তবে পিসিবি থেকে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। শোনা যাচ্ছে, পিসিবি'র কাছে অভিজ্ঞ ব্যাটসম্যান মোহাম্মদ ইউসুফ ও ইউনিস খানকে ফিরিয়ে আনার অনুরোধ করেছেন অধিনায়ক শহীদ আফ্রিদিও। আফ্রিদি বলেন, "অস্ট্রেলিয়ার মত বড় দলের বিপক্ষে খেলতে হলে দলে অভিজ্ঞ ও বিশেষজ্ঞ ব্যাটসম্যান থাকা খুবই দরকার।" পাকিস্তান গতবছর শেষ অস্ট্রেলিয়া সফরের সব খেলাতেই হেরে যায়। এর জন্য দলীয় কোন্দলকে দায়ী করে দলের সাত খেলোয়াড়কে বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছিল পিসিবি। সেই সময়ে দলের অধিনায়ক মোহাম্মদ ইউসুফ ও ইউনিস খানকে আজীবন নিষিদ্ধ করা হয়। এর প্রতিবাদে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার ঘোষণা দিয়েছিলেন মোহাম্মদ ইউসুফ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এমএইচ/১৯৪৫ ঘ.