লন্ডন, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লর্ডসে প্রথম টেস্টে পাকিস্তানকে ১৫০ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। ফলে দু' টেস্টের সিরিজে তারা এগিয়ে গেল ১-০ ব্যবধানে।
দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য রেকর্ড ৪৪০ রানের লক্ষ্যে খেলতে নেমে পাকিস্তান চতুর্থদিন (শুক্রবার ) ২৮৯ রানে অলআউট হয়ে যায়।
অস্ট্রেলিয়ার অনিয়মিত অফ-স্পিনার মার্কাস নর্থ পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে ধস নামান। ৫৫ রানে তিনি তুলে নেন ৬ উইকেট। এটাই তার জীবনের সেরা বোলিং।
আগের দিনের ১ উইকেটে ১১৪ রান নিয়ে খেলতে নেমেছিল পাকিস্তান। একসময় ৩ উইকেটে ২০০ রান পেরিয়ে গিয়েছিল তারা। কিন্তু এরপর উমর আকমল ব্যক্তিগত ২২ রানে নর্থের বলে মাইকেল ক্লার্কের হাতে ধরা পড়ে বিদায় নেয়ার পর আর কোনো ব্যাটসম্যান সুবিধা করতে পারেননি।
তারা শেষ ৬ উইকেট হারায় মাত্র ৭৩ রানে। কেবল উদ্বোধনী ব্যাটসম্যান সালমান বাটই দলের পক্ষে সবচেয়ে বেশি ৯২ রান করেন। প্রথম ইনিংসেও তার ব্যাট থেকে এসেছিল ৬৩ রান।
তবে নর্থের বোলিংয়ে আহামড়ি কিছুই ছিল না। বরং পাকিস্তানি ব্যাটসম্যানদের উইকেট বিলিয়ে দেয়া ছিল দৃষ্টিকটু একটা ব্যাপার। ক্রিকেটবোদ্ধারা মনে করেন উইকেট বোলারদের অনুকূলে ছিল না। কারণ অস্ট্রেলিয়ার নিয়মিত বোলাররা উইকেট ফেলতে পারছিলেন না।
তখনই অধিনায়ক রিকি পন্টিং ডাকেন অনিয়মিত অফ-স্পিনার নর্থকে। আর তার নির্বিষ অফ-স্পিনেই পাকিস্তানি ব্যাটসম্যানদের জন্য মারাত্মক বিষাত্মক হয়ে ওঠে।
ম্যাচ শেষে পাকিস্তান অধিনায়ক শহিদ আফ্রিদিও স্বীকার করেছেন, ব্যাটিং ব্যর্থতাই তাদের হারের কারণ। বোলিং যথেষ্ট ভালো হয়েছে।
প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ২৫৩ রানের জবাবে পাকিস্তান করেছিল ১৪৮। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া করেছিল ৩৩৪।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২০৩৬ ঘ.
bdnews24