২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্মরণীয় বিদায়ের অপেক্ষায় মুরালি

এ ব্যাপারে বিতর্ক থাকতেই পারে। অনেকের মতে, বিশ্ব ক্রিকেটে তিনি সর্বকালের অন্যতম সেরা স্পিনার। শ্রীলংকার ক্রিকেটে তো জীবন্ত কিংবদন্তি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2010, 01:53 PM

Updated : 25 Aug 2022, 01:59 PM

গল, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এ ব্যাপারে বিতর্ক থাকতেই পারে। অনেকের মতে, বিশ্ব ক্রিকেটে তিনি সর্বকালের অন্যতম সেরা স্পিনার। শ্রীলংকার ক্রিকেটে তো জীবন্ত কিংবদন্তি। সেই স্পিন জাদুকর মুত্তিয়া মুরালিধরন টেস্ট থেকে বিদায় নিবেন রোববার গলে, ভারতের বিপক্ষে প্রথম টেস্ট খেলার পরই। টেস্ট ম্যাচটি শুরু হবে রোবার। তাই তার অবসরকে স্মরণীয় করে রাখতে কোনো ক্রটি রাখছে না সে দেশের ক্রিকেট বোর্ড। মুরালিধরণকে যথাযথ সম্মান এবং শ্রদ্ধা জানানোর সব ব্যবস্থাই করা হয়েছে। এ জন্য গল টেস্ট দেখার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে শ্রীলঙ্কার সাবেক সব অধিনায়ককে। এছাড়া যারা মুরালির সঙ্গে খেলেছেন, দাওয়াত দেয়া হয়েছে তাদেরও। টেস্টের শুরু এবং শেষে মুরালিকে দেয়া হবে বিশেষ সংবর্ধনা। পুরস্কার তো আছেই। দ্বীপবাসীদের আশা, জীবনের শেষ টেস্টে দলকে জয় এনে দেবেন এই স্পিনার। ১৮ বছরের ক্যারিয়ারে ১৩২ টেস্টে ৭৯২ উইকেট নিয়ে সবার ওপরে রয়েছেন মুরালি। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটেও রয়েছেন সবার উপড়ে, উইকেট নিয়েছেন ৫১৫ টি। সবার চোখ এখন মুরালির দিকে, টেস্টে আট শ' উইকেটের মাইলফলক পেরুতে পারেন কি না। এ জন্য দরকার মাত্র আট উইকেট। গলে ১৪ টেস্টে ১০৩ উইকেট নিয়েছেন মুরালি। ভারতের বিপক্ষে দুই টেস্টে নিয়েছেন ১৩ টি। তাই আট শ' উইকেটের মাইলফলকে পৌঁছানোর সম্ভাবনা একেবারে উড়িয়ে দেয়া যায় না। ৩৮ বছর বয়সী এই বোলার টেস্ট থেকে বিদায় নিলেও একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিচ্ছেন না। ২০১১ সালের বিশ্বকাপেও খেলতে চান তিনি। প্রতিযোগিতা হবে ভারত, বাংলাদেশ ও শ্রীলংকায়। সঙ্গে অবশ্য পাকিস্তানও ছিল। রাজনৈতিক অস্থিরতার কারণে কোনো দেশ খেলতে না চাওয়ায় পাকিস্তানের খেলাগুলো ভাগ করে দেয়া হয় তিন দেশের মধ্যে। যদিও দুই ধরনের ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন মুরালি। তারপরও অনেকে অবশ্য এগিয়ে রাখতে চাইবেন অস্ট্রেলিয়ার স্পিনার শেন ওয়ার্নকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/১৯৩৪ ঘ.