ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তানের তরুণ ফাস্ট বোলার মোহাম্মদ আমেরকে যতই দেখছেন ততই মুগ্ধ হচ্ছেন তার সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। লর্ডস টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে আমের চার উইকেট নেয়ার পর আকরামর বলেন, ''১৮ বছর বয়সেই আমার চাইতে অনেক বেশি চতুর বোলার হিসেবে নিজেকে প্রমাণ করছে আমের।''
আকরামের মতোই বাঁহাতি পেসার আমেরের অভিষেক হয় ২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে। তারপর থেকেই এই তরুণ পেসার সাবেক ও বর্তমান তারকাদের নজর কাড়ছেন একের পর এক।
আকরাম বলেছেন, ''লর্ডসে অস্ট্রেলিয়ার বিপক্ষে আমেরের বোলিং দেখে আমি মুগ্ধ। ওর প্রতিভা নিয়ে আমার কোনো সন্দেহই নেই। গতির সঙ্গে রয়েছে দুই দিকে সুইং করানোর দক্ষতা। দ্রুতগতির বোলারের জন্য এটা একটা আদর্শ। ওর ভবিষ্যত অবশ্যই উজ্জ্বল।''
একই সঙ্গে আমের ক্রিকেট খেলাটা অনুধাবন করছেন দ্রুত। তাই পাকিস্তানের দ্রুতগতির সেরা বোলার হিসেবে আমেরকেই আপাতত চিহ্নিত করেছেন পাকিস্তানের বিশ্বকাপ জয়ী দলের সদস্য।
তবে আমেরকে কিছু পরামর্শও দিয়েছেন আকরাম, ''লর্ডসে আমি দেখেছি ও বল করার সময় উইকেট থেকে সামান্য সরে যায়। এতে বল হয়তো ইনসুইং বেশি পাবে। কিন্তু স্লথ গতির উইকেটে এই কৌশল কাজে লাগবে না। তখন ওকে আরো উইকেট ঘেষে বল করতে হবে।''
ফাস্ট বোলার, তার আমেরকে জিমে আরো বেশি সময় কাটানোর পরামর্শও দিয়েছেন আকরাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/১৮৪৫ ঘ.
bdnews24