২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিকল্প নেই বলেই তিনি অধিনায়ক, বলছেন আফ্রিদি

আর কোনো বিকল্প না থাকাতেই নির্বাচকরা পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়কের দায়িত্ব তার হাতে তুলে দিয়েছেন বলে মনে করছেন শহীদ আফ্রিদি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2010, 12:52 PM

Updated : 25 Aug 2022, 01:53 PM

লন্ডন, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আর কোনো বিকল্প না থাকাতেই নির্বাচকরা পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়কের দায়িত্ব তার হাতে তুলে দিয়েছেন বলে মনে করছেন শহীদ আফ্রিদি। একটি ক্রিকেট ওয়েবসাইটের সঙ্গে সাক্ষাৎকারে আফ্রিদি জানান, অধিনায়কত্বের চ্যালেঞ্জ গ্রহণ করতে তিনি অনেক আগে থেকেই মানসিকভাবে তৈরি ছিলেন। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাকে বরাবর অবহেলা করেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে লর্ডসে শুরু হওয়া প্রথম টেস্টে তার অধিনায়কত্বেই খেলছে পাকিস্তান। আফ্রিদি এখন পাকিস্তানের ওয়ানডে এবং টি-টোয়েন্টি দলেরও অধিনায়ক। এখন তিনি পাকিস্তান দলকে টেস্টেও নিয়মিত নেতৃত্ব দিতে চান বলে জানান এই অলরাউন্ডার। আফ্রিদি বলেন, '' আমি অনেকদিন ধরেই অধিনায়ক হতে চাইছিলাম। অন্তত চার-পাঁচ বছর তো হবেই। আর বোর্ড সেটা জানতোও। তারা আমাকে বার কয়েক আশ্বাসও দিয়েছিল। কিন্তু পরে দেখতাম আরেকজন অধিনায়ক হয়ে গেছে। তাই আমার ধারণা এবার হয়তো আর কাউকে না পেয়েই আমার ওপর দায়িত্ব দেয়া হয়েছে।'' তবে এই হতাশা সত্ত্বেও আফ্রিদি বলেছেন, টেস্ট অধিনায়ক হিসেবে নিজের যোগ্যতা প্রমাণের সুযোগ তিনি হাতছাড়া করতে রাজি নন। চলতি অস্ট্রেলিয়া সিরিজেই তিনি সেটা দেখাতে চান। এই সিরিজে পাকিস্তানের হারিয়ে ফেলা গৌরব ফিরিয়ে আনতে দৃঢ় প্রতিজ্ঞ আফ্রিদি। সেজন্য দলকে একসুতোয় গাঁথতে চান আফ্রিদি। যেখানে অনৈক্যের সুর থাকবে না। পাকিস্তান অধিনায়ক বলেছেন, '' আমি এখন নেতৃত্ব উপভোগ করছি। কারণ বোর্ড আমার ওপর ভরসা রেখেই দায়িত্ব দিয়েছে। আমি সেটি দীর্ঘ সময়ের জন্য পালন করতে চাই। আমি তো কেবল ১৭ জন খেলোয়াড়ের অধিনায়ক নই, আমি আমার দেশকেও তো নেতৃত্ব দিচ্ছি।'' বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এনআই/১৮৪০ ঘ.