ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ড দলে ডাক পেয়েছেন রবি বোপারা। ইয়ান বেল চোট পাওয়ায় সিরিজ নির্ধারণী খেলায় দলে নেয়া হয়েছে তাকে।
বাংলাদেশের মত চোট সমস্যায় পড়েছে ইংল্যান্ডও। ব্রিস্টলে ইংল্যান্ড-বাংলাদেশ ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়েন মিডল-অর্ডার ব্যাটসম্যান ইয়ান বেল। পায়ের হাড়ে চিড় ধরায় ছয় সপ্তাহের জন্য বিশ্রাম নিতে হবে তাকে।
এর আগে সিরিজের প্রথম একদিনের খেলায় বাংলাদেশের উইকেটরক্ষক মুশফিকুর রহিম ও ব্যাটসম্যান রকিবুল হাসান চোট পান।
প্রথম খেলায় ইংল্যান্ড ছয় উইকেটে হারায় বাংলাদেশকে। দ্বিতীয় ম্যাচে পাঁচ রানে হারিয়ে সিরিজে সমতা ফেরায় বাংলাদেশ।
ইংল্যান্ডকে হারানোয় টেস্ট খেলুড়ে সব দেশের বিপক্ষে জয় পেল বাংলাদেশ।
সিরিজ নির্ধারণী তৃতীয় খেলাটি হবে বার্র্র্মিংহামে সোমবার। খেলা শুরু হবে বাংলাদেশ সময় বিকাল পৌনে চারটায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৮৪৭ ঘ.
bdnews24