ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ডের বিপক্ষে ব্রিস্টলে একদিনের ক্রিকেটে ঐতিহাসিক জয়ের পর এখন মাশরাফি বিন মর্তুজাদের প্রশংসা না করে পারছেন না ইংল্যান্ডের অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস।
তিনি বলেন, ''জেতার জন্য বাংলাদেশ ক্ষুধার্ত ছিল। ২৩৬ রান নিয়ে ওরা দুর্দান্ত লড়াই করেছে। আসলেই তারা জিতেছে ভালো খেলে।''
এমনিতে টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে জয়ের বৃত্ত পূর্ণ হওয়ার পথে বাঁধা হয়ে দাঁড়িয়েছিল ইংল্যান্ড। শনিবার তীব্র উত্তেজনাপূর্ণ খেলায় ইংল্যান্ডকে ৫ রানে হারিয়ে সেই বৃত্ত পূর্ণ করে বাংলাদেশ।
এই হারের পর নিজেদেরও সমালোচনা করতে ছাড়েননি স্ট্রাউস। তার ভাষায়, ''বাংলাদেশের বিপক্ষে আমরা ছিলাম একেবারেই সাদামাটা। বিশেষ করে, ফিল্ডিংয়ে ভুলের পর ভুল করে গেছি। এভাবে খেললে আর যাই হোক, জেতা যায় না।''
পায়ে চোট পাওয়ার পরও ইয়ান বেলকে মাঠে নামানোর ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, ''আমরা আগেই পরিকল্পনা করে রেখেছিলাম শেষ ওভারে যদি ১০ কিংবা ১৫ রানের কম প্রয়োজন হয় তাহলে ওকে নামাবো। কারণ তখনো অন্যপ্রান্তে জোনাথন ট্রট ব্যাট করছিলেন। কিন্তু বেল মাঠে নামলেও লাভ হয়নি আমাদের।''
আসলে বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংই শেষ করে দেয় ইংল্যান্ডকে।
এই জয় বাংলাদেশ শিবিরেও এনেছে স্বস্তি। টানা ২৪ ম্যাচে হারের পর জয়! অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলছিলেন, ''আমরা জিততে প্রায় ভুলেই গিয়েছিলাম। এখন আমাদের সাজঘরে খুশির বন্যা বইছে।''
উল্লাস ছুঁয়ে যাচ্ছে কোচ জেমি সিডন্সকেও, ''ইংল্যান্ডকে ওদের মাটিতে হারানো সত্যিই কঠিন। এটা একটা অসাধারণ জয়। এর রেশ থাকবে অনেকদিন।''
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/১৯২৫ ঘ.
bdnews24