ঢাকা, জুলাই ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এমসিসি স্পিরিট অব ক্রিকেট সিরিজের দ্বিতীয় খেলায় অস্ট্রেলিয়া ১১ রানে হার মেনেছে পাকিস্তানের কাছে।
জয়ের লক্ষ্য ১৬৩ রান তাড়া করতে গিয়ে অস্ট্রেলিয়ার ইনিংস গুটিয়ে যায় ১৫১ রানে। তখনো খেলার বাকি ছিল দুই বল। প্রথমে ব্যাট করে পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে রান করে ১৬২, নয় উইকেটে।
এই জয়ের ফলে পাকিস্তান সিরিজ জিতে নিল ২-০ ম্যাচে।
বার্মিংহামের অ্যাজবাস্টনে জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে ৩৩ রানে তিন উইকেট হারিয়ে পথ হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া। এরপর আর পথ খুঁজে পায়নি তারা। দলের পক্ষে সবচেয়ে বেশি ২৭ বলে ৩৩ রান করেন ডেভিড হাসি।
এছাড়া অধিনায়ক মাইকেল ক্লার্ক ১৭ বলে ৩০, জেমস হোপস ২৮ বলে ৩০ ও ১৪ বলে ২৫ রান করেন মাইক হাসি। আর কোনো ব্যাটসম্যান উল্লেখ করার মতো রান করতে পারেননি।
পাকিস্তানের বোলারদের মধ্যে ৩ উইকেট নেন মোহাম্মদ আমের। রান দেন ২৭। অধিনায়ক আফ্রিদি ৩০ রানে নেন ২ উইকেট।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমেই বিপদে পড়ে পাকিস্তান। স্কোর বোর্ডে কোনো রান জমা হওয়ার আগেই ডেভিড হাসির বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে বিদায় নেন উদ্বোধনী ব্যাটসম্যান শাহজাইব হাসান (০)।
এ অবস্থায় হাল ধরে অপর উদ্বোধনী ব্যাটসম্যান সালমান বাট ও তিন নম্বর ব্যাটসম্যান কামরান আকমল দ্বিতীয় উইকেট জুটিতে ৬১ রান তুলে প্রাথমিক বিপদ সামাল দেন। সালমান বাট ৩১ রান করেন ২১ বলে। চার মারেন ছয়টি। কামরান করেন ৩৩। তিনি তার ২৫ বলের ইনিংসে সীমানার ওপারে বল পাঠিয়েছেন চারবার। হাওয়ায় ভাসিয়ে একবার।
এছাড়া উমর আকমল ২১ বলে ২৫, শহিদ আফ্রিদি ১৩ বলে ১৮ ও ১৬ বলে ১২ রান করেন শোয়েব মালিক। আর মোহাম্মদ আমের ১১ বলে ২১ রান করে অপরাজিত থাকেন।
অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে তিনটি করে উইকেট নেন ডার্ক ন্যান্স ও স্টিভ ও'কিফ। এজন্য ন্যান্স খরচ করেন ৩০ রান। ও'কিফ দেন ২৯।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/০১৪১ ঘ.
bdnews24