ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইংল্যান্ড সফরের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে সোমবার মিডলসেক্সকে ১৪১ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।
লর্ডসে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৩০১ রান তোলে বাংলাদেশ, ৭ উইকেট হারিয়ে। জবাবে ৩০২ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৬০ রানেই গুটিয়ে যায় মিডলসেক্সের ইনিংস। তখনো হাতে ছিল ১০.৩ ওভার।
দলীয় ৩৩ রানে উইলিয়ামসের বলে বোল্ড হয়ে তামিম ইকবাল (২৮) সাজঘরে ফিরে গেলে চাপে পড়ে বাংলাদেশ। তবে তৃতীয় উইকেট জুটিতে ইমরুল কায়েস ও জহুরুল ইসলামের ১৪৩ রান দলকে শক্ত ভিত এনে দেয়। ইমরুল ৭৭ ও জহুরুল দলের পক্ষে সর্বোচ্চ ৮৮ রান করেন।
এছাড়া সহ-অধিনায়ক সাকিব আল হাসান ৩৮ ও মুশফিকুর রহিম ২৫ রান করেন।
মিডলসেক্সের ড্যানি ইভান্স ৫১ রান দিয়ে তিনটি উইকেট নেন। রবি উইলিয়ামস ৬০ রানে পান ২টি উইকেট।
জবাবে মিডলসেক্সের শুরুটা ভালো হয়নি। দলীয় শূন্য রানেই জন সিম্পসনকে হারিয়ে বিপদে পড়ে স্বাগতিকরা। পরে অভিজ্ঞ ওয়াইস শাহ সর্বোচ্চ ৬১ ও ডাউইড মালান ৩২ রান করে হারের ব্যবধান কিছুটা কমিয়ে আনেন।
শফিউল ইসলাম ৩১ রান দিয়ে ৩টি উইকেট নেন। মাশরাফি মর্তুজা ২টি উইকেট নেন ২০ রানের বিনিময়ে।
সাসেক্সের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে ১৪৯ রানে হেরে ছিল বাংলাদেশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এটি/১৬১৫ ঘ.
bdnews24