ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম পালায় ১০২ রানে গুটিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। ২৫০ রানে পিছিয়ে থেকে ফলো-অনে পড়লেও আবার ব্যাট করতে না পাঠিয়ে দক্ষিণ আফ্রিকা নিজেই দ্বিতীয় পালা শুরু করেছে। রান তুলেছে ১৫৫, দুই উইকেটে।
প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা রান করে ৩৫২।
ত্রিনিদাদের কুইন্স পার্ক ওভালে খেলার তৃতীয়দিন ব্যাটিংয়ে নেমে ডেল স্টেইন ও মর্নে মরকেলের মারাত্মক বোলিংয়ের মুখে তাসের ঘরের মতো ভেঙ্গে পড়ে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। দুই অংকে পৌঁছাতে পারেন মাত্র তিন ব্যাটসম্যান।
দলের ১২ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজকে একেবারে খাদে ফেলে দেন মরকেল। এ অবস্থায় খাদ থেকে দলকে টেনে তোলার চেষ্টা করেন শিবনারায়ন চন্দরপল ও নরসিং দেওনারিন। দলের সঙ্গে যোগ করেন তারা ৫৯। ৭১ রানের মাথায় চন্দরপল ২৬ রান করে স্টেইনের বলে উইকেটের পেছনে মার্ক বাউচারের হাতে ধরা পড়ার পরই হুড়মুড় করে ভেঙ্গে পড়ে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস।
শেষের দিকে উইকেটরক্ষক ব্যাটসম্যান দিনেশ রামদিন অপরাজিত ২৫ রান করলে ক্যারিবীয়দের স্কোর কোনো রকমে এক শ' পেরিয়ে যায়। দলের পক্ষে সবচেয়ে বেশি ২৯ রান করেন দেওনারিন।
স্টেইন ৫ উইকেট নেন, ২৯ রানে। মরকেল ১৯ রানে নেন ৪ উইকেট।
ওয়েষ্ট ইন্ডিজকে ফলো-অন না করিয়ে আবার দ্বিতীয় দফায় ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। স্মিথ ৭৯ ও ক্যালিস ৪০ রানে অপরাজিত আছেন।
দ্বিতীয় টেস্ট শুরু হবে সেন্ট কিটসে, ১৮ জুন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৭৫৭ ঘ.
bdnews24