ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ত্রিনিদাদে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম পালায় দক্ষিণ আফ্রিকা ৩৫২ রান করেছে।
বেন ও শিলিংফোর্ডের দুর্দান্ত বোলিংয়ে ১০৭ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা। তবে পরের দিকের ব্যাটসম্যানরা ভালো ব্যাট করায় লড়াইয়ের মতো পূঁজি পায় তারা।
কুইন্স পার্ক ওভালে ৩ উইকেটে ৭০ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা।
প্রথমদিনের দুই অপরাজিত ব্যাটসম্যান জ্যাক ক্যালিস ও পল হ্যারিস দলের সঙ্গে মাত্র ৩৭ রান যোগ করে সাজঘরে ফিরে গেলে বিপদে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা। ক্যালিস ২৮ ও হ্যারিস করেন ১০।
এরপর এবি ডি ভিলিয়ার্স, অ্যাশওয়েল প্রিন্স ও মার্ক বাউচার হাল ধরে দলকে টেনে তোলেন বিপদ থেকে। ভিলিয়ার্স ৬৮, প্রিন্স ৫৭ ও বাউচার করেন ৬৯।
পাঁচ উইকেট নেন সুলাইমান বেন, ১২০ রানে। শেন শিলিংফোর্ড ৯৬ রান দিয়ে তিন উইকেট নেন।
দ্বিতীয় টেস্ট শুরু হবে সেন্ট কিটসে, ১৮ জুন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৪০৩ঘ.
bdnews24