করাচি, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক শীঘ্রই জাতীয় দলে ফিরছেন। তার ওপর আরোপিত এক বছরের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দেয়া শাস্তি কমাতে শোয়েব মালিক যে আবেদন করেন তা গ্রহণ করেছে নিরপেক্ষ মধ্যস্থতাকারী কমিটি। একই সাথে তার জরিমানার পরিমাণও অর্ধেক করা হয়েছে।
অস্ট্রেলিয়া সফরে পাকিস্তান দলের বিপর্যয়কর ফলাফলের পর পিসিবি ক্রিকেটারদের ওপর কঠোর হয়। দলে কোন্দল ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে মালিকসহ সাত ক্রিকেটারের ওপর বিভিন্ন মেয়াদের শাস্তি আরোপ করে তারা। মালিককে এক বছরের জন্য জাতীয় দলে নিষিদ্ধ করা হয়।
মধ্যস্থতাকারী ইকবাল কাদির বলেনে,''আমি তার আবেদন গ্রহন করেছি ও তার ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।''
অবসরপ্রাপ্ত বিচারপতি কাদির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে তার রিপোর্টটি পিসিবি চেয়ারম্যান ইজাজ বাটকে পাঠাবেন। বাট এই সিদ্ধান্ত অনুমোদনের জন্য পিসিবির কার্যনির্বাহী পর্ষদের কাছে সেটা উপস্থাপন করবেন।
আনন্দিত মালিক বলেন, নামের পাশ থেকে কলঙ্ক মুছে ফেলতেই তিনি এই আবেদন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএইচএস/২০৩২ ঘ.
bdnews24