ঢাকা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ) - চমক দেখিয়েছে জিম্বাবুয়ে। রহিত শর্মার শতকও ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে শুক্রবার রক্ষা করতে পারেনি ভারতকে। হার মানতে হয় ছয় উইকেটে।
প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে পাঁচ উইকেটে ২৮৫ রান তোলে ভারত। জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে জিম্বাবুয়ে ২৮৫ রান টপকে ২৮৯ তে পৌঁছে যায়, ৪ উইকেটে। তখনো বাকি ছিল এক ওভার চার বল।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে টস জিতে ব্যাটিং নেমে শুরুটা ভালোই করে ভারত। দলীয় ৬১ রানের মাথায় সাজঘরে ফেরেন উদ্বোধনী ব্যাটসম্যান মুরালি বিজয় (১১)। তবে বিরাট কোহলি শূন্য ও দিনেশ কার্তিক (২২) বিদায় নিলেও রান তোলার গতি কমেনি।
দলের পক্ষে সবচেয়ে বেশি ১১৪ রান করেন রহিত। ছয়টি চার ও চারটি ছক্কা দিয়ে তিনি তার ইনিংসটি সাজান। অধিনায়ক সুরেশ রায়না করেন ৩৭ রান। তবে রবীন্দ্র জাদেজার হার না মানা ৬১ রানের সুবাদে লড়াই করার মতো রান তোলে ভারত।
ক্রিস এমপোফু দুই উইকেট নেন, ৬৩ রানে। এছাড়া প্রসপার উৎসেয়া উইকেট নেন একটি।
রান তাড়া করতে নেমে দুই উদ্বোধনী ব্যাটসম্যান হ্যামিল্টন মাসাকাদজা ও ব্রেন্ডন টেলরের ব্যাটিং তান্ডবে দিশা হারিয়ে ফেলে ভারতীয় বোলাররা। দলীয় ৮৮ রানের মাথায় সাজঘরে ফিরে যান মাসাকাদজা ব্যক্তিগত ৪৬ রানে। তবে অন্য প্রান্তে চলতে থাকে টেলর নামের ঝড়।
যাদবের বলে বিনয় কুমারের হাতে ধরা পড়ার আগে ৮১ করেন টেলর। পরের ব্যাটসম্যানদের মধ্যে গ্রেগ ল্যাম্ব ২৭, চালর্স কভেন্ট্রি ৩২ ও ক্রেইগ ইরভিনের অপরাজিত ৬৭ রানের ওপর ভর করে কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছে যায় জিম্বাবুয়ে।
বিনয় কুমার দুই উইকেট নেন, ৫১ রানে। এছাড়া একটি করে উইকেট নেন অমিত মিশ্র ও রবীন্দ্র জাদেজা।
ম্যাচ সেরা হন ব্রেন্ডন টেলর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/সিজি/টিআর/২২৪৮ ঘ.
bdnews24