ঢাকা , মে ২৬ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ) - ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বরখাস্ত প্রধান লোলিত মোদি তার বিপক্ষে তদন্ত কাজ পরিচালনার জন্য নিরপেক্ষ বিচারক প্যানেল নিয়োগের অনুরোধ করেছেন। এর আগে তাকে কারণ-দর্শাও নোটিশ দেয়া হয়েছিল।
আইপিএলের পরিচালনা পরিষদের কাছে ই-মেইলে মঙ্গলবার তিনি এই অনুরোধ জানান। বলেন, বিসিসিআই সভাপতি শশাঙ্ক মনোহর ও সাধারণ সম্পাদক এন শ্রীনিভাসন যেন এই তদন্ত কাজে নাক না গলান। বিসিসিআই তাকে এই নোটিশ দেন ২৬ এপ্রিল।
মোদি নিজের পক্ষে ১৬০ পৃষ্ঠার আনুষ্ঠানিক উত্তর দেন। সেই সঙ্গে ১৫,০০০ পৃষ্ঠার সহায়ক তথ্যও পাঠিয়েছেন, যা এখনো প্রকাশ করা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৮২০ ঘ.
bdnews24