ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ 'এ' ও ওয়েস্ট ইন্ডিজ 'এ'র মধ্যে দ্বিতীয় চারদিনের খেলা অমীমাংসিতভাবে শেষ হয়েছে। ফলে দুই ম্যাচের অনানুষ্ঠানিক সিরিজ জিতে নিল ক্যারিবীয়রা, ১-০ তে।
প্রথম পালায় ওয়েস্ট ইন্ডিজের ২৬৮ রানের জবাব দেয় বাংলাদেশ ২৭২ রান তুলে। শতক হাঁকান ফয়সাল হোসেন। দ্বিতীয় দফায় সফরকারীরা ১০৯ রান তুলতেই শেষ হয়ে যায় নির্ধারিত চারদিন।
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) দুই নম্বর মাঠে ২৩ মে টস জিতে ব্যাটিংয়ে নেমে সম্মানজনক রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। বিপি ন্যাশের হার না মানা ৯৯ রানই ছিল তাদের পালার মেরুদন্ড। তিনি তার ২০১ বলের ইনিংসটি সাজান আটটি চার দিয়ে।
আর ঝড় তোলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান সিএসি ওয়াল্টন, মাত্র ৯৫ বলে করেন ৭০। তিনি চার মেরেছেন সাতটি। ছক্কা তিনটি। তবে দায়িত্ব নিয়ে ব্যাট করেন অধিনায়ক টিএম ডাওলিন। ২৯ রান করেন ৫৭ বলে। মাত্র ২৫ রান করলেও ৭৫ বল খেলেন কেএ এডওয়ার্ডস।
পাঁচটি করে উইকেট ভাগাভাগি করে নেন সৈয়দ রাসেল ও সোহরাওয়ার্দি শুভ। এ জন্য রাসেল দেন ৫৯। শুভ ৮৫।
জবাব দিতে নেমে ফয়সাল হোসেনের ১০০ রানের সুবাদে বাংলাদেশের ইনিংস ছাড়িয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংসকে। থামে ২৭২ রানে। এতে অবশ্য অধিনায়ক নাজিমুদ্দিনের অবদান রয়েছে ৭২। তিনি দুর্ভাগ্যজনক রান আউটের শিকার না হলে বাংলাদেশ হয়তো আরো এগিয়ে যেতে পারতো।
এছাড়া ৫৯ বল খেলে ২৯ রান করেছেন মেহরাব হোসেন জুনিয়র। মাত্র ৩৫ রান করলেও সগির হোসেন খেলেছেন ১১৫ বল। লম্বা দৈর্ঘ্যরে খেলায় নিখুঁত ইনিংস।
ওয়েস্ট ইন্ডিজের পক্ষে তিনটি করে উইকেট নেন এস শিলিংফোর্ড ও ওভি ব্রাউন। এজন্য শিলিংফোর্ডের খরচ হয় ৮২ রান। ব্রাউনের ৭৯।
চতুর্থদিন দ্বিতীয় পালায় মাত্র ৪৭ ওভার ৩ বল খেলার সুযোগ পায় ওয়েস্ট ইন্ডিজ। রান তোলে তিন উইকেটে ১০৯। উদ্বোধনী ব্যাটসম্যান ওজে ফিলিপস ও ডাওলিন ৩২ রানে অপরাজিত থাকেন, যখন বেল তুলে নেন আম্পায়ার।
বাংলাদেশের বোলারদের মধ্যে একটি করে উইকেট নেন সৈয়দ রাসেল, নাজমুল হোসেন ও মাহমুদুল হাসান।
এর আগে প্রথম চারদিনের ম্যাচে বাংলাদেশ হেরেছিল ১১৪ রানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৮০৪ ঘ.
bdnews24