ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের দ্বিতীয় সেমিফাইনালে মাইক হাসির অর্ধ-শতকের সুবাদে পাকিস্তানকে তিন উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া। জেতার জন্য ১৯২ রানের লক্ষ্য টপকে ১৯৭ রানে পৌঁছে যায় তারা সাত উইকেটে। তখনো হাতে ছিল এক বল।
প্রথমে ব্যাট করে পাকিস্তান রান করে ১৯১, ছয় উইকেটে।
সেন্ট লুসিয়ায় জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে হাসির ২৪ বলে ৬০ রানের সুবাদে অস্ট্রেলিয়া জয় রীতিমতো ছিনিয়ে নিয়েছে পাকিস্তানের কাছ থেকে। এছাড়া ক্যামেরোন হোয়াইট ৩১ বলে ৪৩, ব্র্যাড হ্যাডিন ২০ বলে ২৫ ও মাইকেল ক্লার্ক ১৭ রান করেন ১৯ বলে।
পাকিস্তানের বোলারদের মধ্যে তিনটি উইকেট নেন মোহাম্মদ আমের, ৩৫ রানে। এছাড়া ৩৩ রানে দুই উইকেট নেন আব্দুর রেহমান।
এর আগে টস জিতে অস্ট্রেলিয়া ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তানকে। দলের পক্ষে সবচেয়ে বেশি ৩৫ বলে ৫৬ রান করে অপরাজিত থাকেন উমর আকমল। ৩৪ বলে ৫০ রান করেন কামরান আকমল। এছাড়া সালমান বাট ৩২, খালিদ লতিফ ১৩, আব্দুল রাজ্জাক ১২ রান করেন।
অস্ট্রেলিয়ার পক্ষে একটি করে উইকেট নেন ডার্ক ন্যানস, মিচেল জনসন, স্টিভেন স্মিথ ও ডেভিড হাসি।
বৃষ্টির কারণে খেলা শুরু হতে দেরি হয় আধঘন্টা। সাড়ে ৯ টায় খেলা শুরু হওয়ার কথা ছিল।
তবে পরে বৃষ্টি না হলেও ভারি মেঘের আনাগোনা চলছিল আকাশে। এর আগে সুপারসোপার ব্যবহার করে আউট-ফিল্ড শুকানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/০১২১ ঘ.
bdnews24